বাংলাদেশ রিপোর্ট | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে অবস্থিত ‘আল-মামুর স্কুলে’ (৭৮-৩৯ পারসন্স বুভোর্ড, জ্যামাইকা) মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে। তাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোক্তা আবদুল আজিজ ভূঁইয়া ও আফতাব মান্নান । এ সংবর্ধনা অনুষ্ঠানে আগামী নির্বাচনে ইউএস কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পুননির্বাচনে প্রার্থী ইলহান ওমরের জন্য তহবিল সংগ্রহ করা হবে। সংবর্ধনায় অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককে চেক বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ন্যূনতম ২৫০ ডলার প্রদান করতে বলা হয়েছে। নগদ অর্থ গ্রহণ করা হবে না বলেও জানান হয়েছে।
সংবর্ধনার আয়োজক কমিটিতে আছেন চেয়ারম্যান: ডা: ওয়াহিদুর রহমান, কো-চেয়ার: আমির খান, মাহমুদুর রহমান, মোহাম্মদ আবুবখশ, ডা: আতাউল ওসমানি, এনামুল হক, ডা: পাটোয়ারী, সাঈদ রহমান, ডা: জাকের সাবরি, কর্নেল মাহবুবুর রহমান, সৈয়দ মুজাফফর। উল্লেখ্য, সোমালি বংশোদ্ভুত ডেমোক্রেট ইলহান ওমর ২০১৯ সাল থেকে আমেরিকান কংগ্রেসে প্রতিনিধি পরিষদে মিনেসোটার ফিফথ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে সদস্য নির্বাচিত হন। তিনি কংগ্রেসে নির্বাচিত প্রথম সোমালি আমেরিকান এবং মিনেসোটা থেকে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী কংগ্রেস সদস্য। এছাড়া তিনি রাশিদা তালিবের সঙ্গে কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম নারী। ইলহান ওমর ১৯৮২ সালে সোমালিয়ার রাজধানী মুগাদিসুতে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০০ সালে ১৭ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। ২০১১ সালে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইন্টারন্যাশনাল স্টাডিজে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। ইলহান তার পেশাজীবন শুরু করেন ইউনিভার্সিটি অফ মিনেসোটায় কমিউনিটি নিউট্রিশন এডুকেটর হিসেবে।
Posted ৭:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh