| বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
গ্যালারির দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে মোহামেডানের। ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে হঠাৎ গ্যালারির দিকে ছুটে যান মাহমুদউল্লাহ। সেখানে এক দর্শকের ওপর চড়াও হতে দেখা যায় তাকে। জানা যায়, গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কিছু একটা বলা হলে তিনি মেজাজ হারান এবং গ্যালারিতে ছুটে যান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহামেডানের ম্যানেজার গণমাধ্যমকে বলেছেন, ‘কর্মকর্তাদের ভুয়া বলেছিলেন ওই দর্শক। পরে রিয়াদ ভেবেছে তাকে ভুয়া বলেছে। যে কারণে সে গিয়েছিল, এছাড়া কিছু নয়।’
তবে সে ঘটনার পর মোহাম্মদ নাদিম নামের এক সমর্থক ফেসবুকে দাবি করেছেন, আজকের ঘটনাটি মূলত তার সঙ্গে ঘটেছে। তিনি লিখেছেন, ‘আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্টটা হয়, সেটা আমার সাথে। ম্যাচশেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করি আর প্লেয়ারদের ড্রেসিংরুমে আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পেছনে ম্যানেজার সাজ্জাদুল হক শিপন আসে।’
‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি ভাই, ভালো খেলসেন, হ্যাটস অফ টু ইউ’।
এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়। এখানে ভুয়া ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই।’
‘আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে’-যোগ করেন এই ফেসবুক ব্যবহারকারী।
যদিও এই ঘটনার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি মাহমুদউল্লাহ। সাধারণত ঠাণ্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত হলেও আজকে মাহমুদউল্লাহর এমন রুদ্রমূর্তি দেখে অনেকেই চমকে গেছেন।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh