বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
চলতি বছরেই বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এ বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
২০১৯ সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপড়েন আরও জটিল হয়েছে।
এরপর থেকে উত্তর কোরিয়া বারবার নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে আসছে। তবে, কিম সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে পুনরায় সংলাপ শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিউইয়র্কে বলেছেন, অক্টোবরের শেষের দিকে শুরু হতে যাওয়া এপেক সম্মেলনের ফাঁকে এ বৈঠক হতে পারে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ট্রাম্পের যোগদানের কথা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা অবশ্য ট্রাম্প-কিমের সম্ভাব্য বৈঠকের স্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। সূত্র : সিএনএ, এএফপি
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh