বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জনমত জরিপে এগিয়ে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো। তবে তার নির্বাচনী তহবিল নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির অন্য প্রার্থীরা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, বিলিয়নেয়ার ও কর্পোরেট গোষ্ঠী নিজেদের স্বার্থে কুওমোর নির্বাচনি তহবিল গঠনে সহযোগিতা করছে। এদিকে জনমত জরিপে দ্বিতীয় স্থানে থাকা জোরান মামদানির প্রতি সমর্থন ঘোষণা করেছেন সাবেক কংগ্রেসম্যান জামাল বোম্যান।
এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, সময় যত ঘনিয়ে আসছে, ততই জটিল হয়ে উঠছে ডেমোক্র্যাটিক প্রাইমারির সমীকরণ। ডেমোক্র্যাটিক প্রাইমারির ছয় সপ্তাহ আগে পরিচালিত সবশেষ জরিপে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ছিলেন সাবেক গভর্নর ক্যুমো।
ক্যুমোর জনপ্রিয়তা যখন ৩৭ শতাংশ, নিকটতম প্রার্থী জোরান মামদানির গ্রহণযোগ্যতা সেখানে ১৮ শতাংশ। তবে গোল বেধেছে কুওমোর নির্বাচনি তহবিল সংগ্রহ নিয়ে। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, আইপ্যাকের মিলিয়ন ডলারের তহবিলের বাইরেও কুওমোর পক্ষে পরোক্ষভাবে তহবিল সংগ্রহ করছে ‘রিস্টোর স্যানিটি এনওয়াইসি’ নামে একটি অলাভজনক সংস্থা।
চলতি বছরের এপ্রিল মাসে কুওমোর অনানুষ্ঠানিক উপদেষ্টা ক্রিস কফির নামে এ সংগঠনের রেজিস্ট্রেশন করা হয়েছে। কুওমোর নির্বাচনি তহবিল নিয়ে সমালোচনা করছেন অন্য মেয়র প্রার্থীরা, তবে কুওমোর ক্যাম্পেইন থেকে দাবি করা হচ্ছে অন্য প্রার্থীরা ভোটারদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপকৌশল নিয়েছেন। এ অবস্থায় বেশ সুবিধা পেতে পারেন মেয়র প্রার্থী জোরান মামদানি। তাকে নতুন করে সমর্থন ঘোষণা করেছেন সাবেক কংগ্রেসম্যান জামাল বোম্যান। গাজার পক্ষে অবস্থান নেওয়ায় আইপ্যাক বোম্যানের বিরুদ্ধে বড় তহবিল ঘোষণার পর গেল নির্বাচনে হেরে যান তিনি।
একদিকে কুওমো ও মামদানির দ্বৈরথ, অন্যদিকে ইনডিপেনডেন্ট প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এরিক এডামসের প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে ভোটারদের সামনে জটিল সমীকরণ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমানে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৯ প্রার্থী প্রতিযোগিতার দৌড়ে থাকলেও রেজিস্টার্ড ডেমোক্র্যাটরা র্যাংক চয়েজ ক্যাটাগরিতে পাঁচজনকে ভোট দিতে পারবেন।
Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh