বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৯ আগস্ট ২০২২
শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন । ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জোকো বলেন, ‘শি জিনপিং আসবেন। প্রেসিডেন্ট পুতিনও আমাকে বলেছেন, তিনি আসবেন।’
সম্মেলনটিতে দুই নেতার যোগ দেওয়ার বিষয়ে এই প্রথম জানানো হলো। বহু প্রতিক্ষীত এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে এ সময় তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা পরিষ্কার নয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ান নিয়ে উত্তেজনা বৃদ্ধির পর এটিই হবে প্রথম বৈশ্বিক শীর্ষ সম্মেলন।
এদিকে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে, সম্মেলনের আগে বা সাইডলাইনে বাইডেন ও শির মধ্যে সরাসরি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ইউক্রেনে আগ্রাসন চালানোয় জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়া এবং সম্মেলনে অংশ নেওয়ার জন্য পুতিনকে পাঠানো আমন্ত্রণপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল ওয়াশিংটন। কিন্তু ইন্দোনেশিয়া সে পথে হাঁটেনি।
জোকো বলেন, শক্তিশালী দেশগুলোর মধ্যে বিরোধ সত্যিই উদ্বেগের। আমরা এ অঞ্চলের জন্য যা চাই তা হলো—স্থিতিশীলতা ও শান্তি, যাতে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তুলতে পারি।
Posted ৯:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ আগস্ট ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh