বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৪ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিয়ে শুরু, এরপর বিপিএলে অধিনায়কত্ব—তবে জাতীয় দলের পূর্ণাঙ্গ দায়িত্ব পেতে অপেক্ষা করতে হয়েছে বেশ লম্বা সময়। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে দলের অধিনায়কত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। আর এই দায়িত্বকে স্বপ্নপূরণের সঙ্গে তুলনা করছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজ বলেন,’নিজের দেশকে নেতৃত্ব দেওয়া যেকোনো ক্রিকেটারের স্বপ্ন। বোর্ড আমার ওপর আস্থা রেখেছে, এজন্য আমি কৃতজ্ঞ। এটি আমার জন্য অনেক সম্মানের।’
আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে শুরু করে আগামী এক বছরের জন্য ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন মিরাজ। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, এই সময়ের মধ্যে বাংলাদেশ খেলবে অন্তত ৭টি সিরিজে ২১টি ওয়ানডে ম্যাচ। এছাড়াও ২০২৭ বিশ্বকাপের আগে আরও অন্তত ১১টি ওয়ানডে ম্যাচ খেলবে দলটি।
মাত্র ১৬ বছর বয়সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব পেয়ে নজর কাড়েন মিরাজ। তার নেতৃত্বে ২০১৪ ও ২০১৬ সালের যুব বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ, যেখানে ২০১৬ সালে দলটি ঘরের মাঠে তৃতীয় হয়ে অর্জন করে তখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য।
২০১৯ সালে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে মাত্র ২১ বছর বয়সে অধিনায়কত্ব করে তিনি হন ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম অধিনায়ক। এরপর থেকে নিয়মিতই বিভিন্ন দলে নেতৃত্ব দিয়ে এলেও জাতীয় দলে অধিনায়কত্বের সুযোগ আসে ২০২৩ সালে, শান্তর অনুপস্থিতিতে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরে।
ওয়ানডেতে অধিনায়কত্বে চার ম্যাচেই হারলেও, ক্যারিবিয়ানদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে মিরাজ এখন আত্মবিশ্বাসী এক দল গড়ার লক্ষ্যে কাজ শুরু করতে চান। তিনি বলেন, ‘এই দলটির ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমরা নির্ভয়ে খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চাই এবং দেশের জন্য সবসময় সেরাটা দিতে চাই।’
গত বছর তিন সংস্করণের অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তকে ১৬ মাসের মাথায় নেতৃত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। সম্প্রতি টি-টোয়েন্টিতে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর এবার ওয়ানডের দায়িত্ব গেল মিরাজের হাতে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন জানান, ‘মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াকু মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি তাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে। বোর্ড বিশ্বাস করে, এই সংস্করণে দলকে এগিয়ে নেওয়ার মতো মানসিক দৃঢ়তা ও পরিপক্বতা তার রয়েছে।’
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh