বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান, বর্তমান চ্যাম্পিয়নও। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল তাদের। কিন্তু শুরুতেই বড় ধাক্কা খেল তারা। নিউজিল্যান্ডের কাছে হারলো বিশাল ব্যবধানে। করাচির জাতীয় স্টেডিয়ামে আজ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে কিউইরা। টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২০ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। জবাবে ২৬০ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
১৯৯৬ বিশ্বকাপের পর প্রথমবার ঘরের মাটিতে আইসিসির টুর্নামেন্ট খেলছে পাকিস্তান। তাছাড়া চেনা কন্ডিশনের সুবিধা তো আছেই। তাই প্রত্যাশার পারদ বেশ উঁচুতেই ছিল তাদের সমর্থকদের। তাদের বোলিং আক্রমণের প্রশংসা চলেছে একদিন আগেও। কিন্তু মাঠের লড়াইয়ে ভিন্ন চিত্রই দেখা গেল।
কিউইদের মজবুত ভিত্তি এনে দেয় জোড়া সেঞ্চুরি। এর একটি আসে ওপেনার উইল ইয়াংয়ের ব্যাট থেকে। ১১৩ বলে ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। যেটি ১২ চার ও ১টি ছক্কায় সাজানো। দ্বিতীয় সেঞ্চুরিটি টম ল্যাথামের। ১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তাদের ১১৮ রানের জুটিই নিউজিল্যান্ড ইনিংসের মূল ভিত্তি। শেষদিকে গ্লেন ফিলিপসের ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংসটি দলটিকে রানের পাহাড়ে পৌঁছে দেয়।
জবাবে কিউইদের দাপুটে বোলিংয়ের সামনে শুরুটা নড়বড়ে হয় পাকিস্তানের। দলীয় ২২ রানের মধ্যে ওপেনার সৌদ শাকিল ও তিনে নামা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বিদায় নিলে চাপ বাড়তে থাকে। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন বাবর আজম। কিন্তু রান তুলতে বেশ কষ্ট করতে হয়েছে তাকে। ফখর জামানও (৪১ বলে ২৪ রান) পারেননি ধাক্কা সামাল দিতে।
এরপর বাবরের চাপ কিছুটা হালকা করেছিলেন সালমান আঘা। তার ২৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসে আশা দেখছিল পাকিস্তান। কিন্তু সেটিও দীর্ঘায়িত হয়নি। ন্যাথান স্মিথের বলে ক্যাচ দিয়ে তিনি যখন ফেরেন তখন ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। পরের ওভারে তাহিরকে (১) ফেরান মিচেল স্যান্টনার।
১২৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান আর জয়ের পথে ফিরতে পারেনি। ৯০ বলে ৬৪ রান করা বাবরও ফিরেছেন স্যান্টনারের শিকার হয়ে। লোয়ার মিডল অর্ডারে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন খুশদিল শাহ। কিন্তু অন্য কেউ সঙ্গ দিতে না পারায় ৪৯ বলে তার ৬৯ রানের ইনিংসটি কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩২০/৫ (ইয়াং ১০৭, ল্যাথাম ১১৮, ফিলিপস ৬১; নাসিম শাহ ২/৬৩, হারিস ৮৩/২)পাকিস্তান ৪৭.২ ওভারে ২৬০/১০ (খুশদিল ৬৯, বাবর ৬৪, সালমান ৪২; উইলিয়াম ৩/৪৭, স্যান্টনার ৩/৬৬)
ফলাফল: নিউজিল্যান্ড ৬০ রানে জয়ী।
ম্যাচ সেরা: টম ল্যাথাম (নিউজিল্যান্ড)।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh