বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে। নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে ২৭ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি। ৭০০ নেতাকর্মী গুম হয়েছে, ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের বিষয়ে বিএনপি আন্তরিক ২০১৬ সাল থেকেই। ভিশন-২০৩০ এ পরিবর্তনের বিষয়গুলো সামনে এনেছে বিএনপি। ২০২২ সালে প্রথমে ১০ দফা এবং পরে শরিকদের সঙ্গে আলোচনা করে ৩১ দফা সংস্কার কর্মসূচি গ্রহণ করে বিএনপি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়—এমন দাবি সঠিক নয়। যতটুকু সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন চায় বিএনপি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সমস্যা হলো দেশে গণতান্ত্রিক চর্চাই গড়ে ওঠেনি। চর্চা ছাড়া কোনো কিছুই গড়ে উঠব না। কোনো কিছু চাপিয়ে দিলে তা গ্রহণযোগ্য হবে না। জনগনকে বাদ দিয়ে কোনো কিছুই করা সম্ভব না। জনগণের সঙ্গে ইন্টার্যাক্টের ব্যবস্থা করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের জন্য রাজনৈতিক দলের সঙ্গে কমিশনগুলো আগে বসলে ভালো হতো। সরকার ফ্যাসিবাদের দখলে আছে। ছাত্রদের চিকিৎসার ফাইল কোথায় আছে, কেউ বলতে পারবে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘জরুরি কথা ’৭১কে যেন আমরা ভুলে না যাই। ৭১ পরবর্তী সব লড়াই মনে রাখতে হবে, লড়াই-সংগ্রামের মধ্যে দিয়েই এ পর্যায়ে এসেছি। জনগনের ওপর চাপিয়ে দিয়ে কিছু করা সম্ভব হবে না।’
Posted ৮:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh