বাংলাদেশ ডেস্ক : | রবিবার, ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে এ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার আরও ছড়িয়ে পড়ায় তা শরীরে তীব্র ব্যথার সৃষ্টি করছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির একটি বিস্তৃত সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, এই ক্যানসার কেবল ছড়িয়েই পড়েনি, বরং তা শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে। ৮৩ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা বেশ দুর্বল ও কষ্টদায়ক করে তুলেছে এই রোগটি।
বাবার এই কষ্ট দেখা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি জানান, জো বাইডেন কম অভিযোগ করার স্বভাবের কারণে তার কষ্ট অনেক সময় আরও বেশি ভোগায়।
হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের মে মাসে নিজের ক্যানসার ধরা পড়ার কথা প্রকাশ করেছিলেন জো বাইডেন। শারীরিক নানা প্রতিবন্ধকতা ও বয়স নিয়ে চার বছরের মেয়াদকালে নানা সমালোচনার মুখে পড়লেও তিনি এখনও জনসমক্ষে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা অব্যাহত রেখেছেন। হান্টার বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর বিশ্বাসের কারণেই তার বাবা এখনও সক্রিয় রয়েছেন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে যাচ্ছেন।
এদিকে মধ্যবর্তী নির্বাচনের পরপরই ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের।
সূত্র : দ্য গার্ডিয়ান
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh