বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার হাতে ভিনিসিয়াস জুনিয়র। ছবি : সংগৃহীত
গত বছর ব্যালন ডি’অর পুরস্কার ছিল চরম নাটকীয়তায় ভরপুর। শুরুতে গুঞ্জন ছিল ব্যালন ডি’অর পাবেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে পুরস্কার দেওয়ার কয়েক ঘণ্টা আগে বদলে যায় দৃশ্যপট। জানা যায়, ভিনি নয় ব্যালন ডি’অর জিতবেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এমন খবরে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত এই পুরস্কারটি উঠে রদ্রির হাতে। ব্যালন ডি’অর বয়কট করা নিয়ে মুখ খুলেছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ মানা করার কারণেই সেদিন প্যারিস যাননি বলে জানিয়েছেন ভিনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোরা। ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভিনিসিয়ুস। গত বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’
ব্যালন ডি’অর জিততে না পারার প্রতিক্রিয়া জানতে চাইলে এই রিয়াল তারকা বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’
রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস লিখতে চান জানিয়ে ভিনিসিয়ুস আরও বলেন, ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারবো এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারবো। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’
Posted ২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh