বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সর্বার্ধিক শক্তিশালী ডেমোক্রেট, স্টেট গভর্নর ক্যাথি হকুল নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন করতে অনুষ্ঠিত পার্টির প্রাইমারিতে বিজয়ী প্রার্থী জোহরান মামদানিকে এখনো তার সমর্থন দেননি। মামদানি যখন প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখনো তিনি মামদানিকে সমর্থন করা থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন, অর্থ্যাৎ মামদানিকে তিনি তখনো সমর্থন করেননি। তাকে সমর্থন না দিয়ে ক্যাথি হকুল নিউইয়র্ক স্টেটে তার কিংমেকারের ক্ষমতাকে বোধহয় উপভোগ করছেন বলে মন্তব্য করেছে নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে নিজ দলের প্রার্থীকে এখন পর্যন্ত সমর্থন না করা পেছনে কি কৌশল রয়েছে তা নিয়ে অনেকে নানা জল্পনা-কল্পনা করছেন। তিনি কখন মামদানিকে সমর্থন করতে পারেন মর্মে চলতি মাসের সূচনায় হকুল নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমি মামদানির সঙ্গে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করছি।
তাড়াহুড়া করার কিছু নেই। মামদানিকে সমর্থন করার ব্যাপারে শুধু স্টেট গভর্নর ক্যাথি হকুলই যে দ্বিধায় আছেন তা নয়, নিউইয়র্কের আরো কিছু বিশিষ্ট ডেমোক্রেট, যেমন ফেডারেল সিনেটে মাইনরিটি নেতা চাক শুমার, সিনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ড, কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের মাইনরিটি নেতা হেকিম জেফরিস এখনো মামদানির প্রার্থীতা সমর্থন করেননি। নিউইয়র্ক সিটির ১০জন হাউজ ডেমোক্রেটের মধ্যে শুধু চারজন কংগ্রেসম্যান মামদানিকে সমর্থন করেছেন।
হাউজ ডেমোক্রেটদের আগামী বছর মধ্যবর্তী নির্বাচনের মখোমুখি হতে হবে। একইভাবে ক্যাথি হকুলকেও আগামী বছর গভর্নর পদে পুননির্বাচনর মুখোমুখি হতে হবে। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে শীর্ষস্থানে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত শীর্ষস্থানীয় রিপাবলিকান হাউজ রিপ্রেজেন্টেটিভ এলিস স্টেফানিক। কিছু রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন যে জোহরান মামদানিকে অতি উৎসাহে সমর্থন দিলে স্টেটের রক্ষণশীল এলাকাগুলোতে তা নির্বাচনে হকুলের বিরুদ্ধে যেতে হবে।
গভর্নর হকুল ‘ফক্স নিউজ সানডে’র সঙ্গে সাক্ষাৎকারে বলেন, আমাদের মধ্যে এখনো অনেক মতপার্থক্য রয়েছে। আমি জানি না যে কীভাবে আমাদের এই মতপার্থক্য দূর হবে। সাশ্রয়ী হওয়াসহ আরো কিছু ক্ষেত্রে আমাদের ঐকমত্য হতে হবে। নির্বাচন জনগণের স্নায়ু স্পর্শ করলেও আমরা সামনে এগিয়ে যেতে পারছি না। মামদানিকে সমর্থন দিতে হকুলের বিলম্ব ও দ্বিধাদ্বন্দ্ব প্রমাণ করে যে, মামদানি হয়তো স্টেটের আরো অনেক গুরুত্বপূর্ণ ডেমোক্রেটের সমর্থন লাভ করতে সক্ষম হবেন না।
তারা মনে করেন, মামদানি একজন ডেমোক্রেটিক সোস্যালিস্ট, ফিলিস্তিনিদের পক্ষে তার সমর্থন হকুলসহ কিছু নেতার লালিত আদর্শের পরিপন্থী। কিন্তু মামদানি সাধারণ নিউইয়র্কবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো উচ্চাভিলাষী ও ব্যয়বহুল। যেমন, বিনা ভাড়ায় বাসে চলাচলের সুবিধা, অ্যাপার্টমেন্টের ভাড়া নির্দিষ্ট রাখা এবং সর্বজনীন শিশু পরিচর্যা।
তিনি নির্বাচিত হলে রেন্ট গাইডলাইনস বোর্ডের রেন্ট স্ট্যাবিলাইজ অ্যাপার্টমেন্টের ভাড়া নির্ধারণে মেয়র হিসেবে তার এখতিয়ার প্রয়োগ করতে পারবেন। অন্যান্য নীতির মধ্যে সিটির বিত্তবানদের ওপর নতুন করারোপ করার কথাও বলেছেন। কিন্তু নতুন করারোপের সিদ্ধান্ত স্টেট আইনসভায় পাস করাতে হবে এবং পাস হলে স্টেট গভর্নরের অনুমাদনের প্রয়োজন হবে। গভর্নর হকুল ধনবানদের ওপর নতুন করারোপের প্রবল বিরোধী। কারণ এর ফলে সিটির ধনী ও উচ্চ আয়ের ব্যক্তিরা কর এড়াতে ফ্লোরিডা চলে যেতে পারে।
মামদানির সমাজতান্ত্রিক পরিকল্পনার বিরোধিতায় গভর্নর
নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী ও সমাজতান্ত্রিক নেতা জোহরান মামদানি প্রস্তাবিত সরকারি অর্থায়নে পরিচালিত সুপারমার্কেট পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন গভর্নর ক্যাথি হোচুল। হ্যাম্পটনে এক ব্যবসায়িক আলোচনায় তিনি বলেন, আমি মুক্ত বাণিজ্যের পক্ষে। শনিবার বিলিয়নিয়ার সুপারমার্কেট ব্যবসায়ী জন ক্যাটসিমাটিডিসের আয়োজিত ওই প্রাতঃরাশে হোচুলের মন্তব্যে উপস্থিত উদ্যোক্তাদের করতালি ধ্বনিত হয়। ক্যাটসিমাটিডিস, যিনি গ্রিস্টিডস ও ডি’আগোস্তিনো সুপারমার্কেট চেইনের মালিক, পরে হোচুলের প্রশংসা করে পোস্টকে বলেন, এ ধরনের দোকান চলে না।
মামদানির প্রস্তাবের বিরুদ্ধে এ বিরোধিতা ডেমোক্র্যাটিক শিবিরের ভেতর থেকেই বাড়তে শুরু করেছে। সমালোচকদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ বেসরকারি নিত্যপণ্যের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে এবং করদাতাদের ওপর বাড়তি বোঝা চাপাবে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর মুখপাত্র রিচ আজ্জোপার্দি ফক্স নিউজ ডিজিটালকে ইমেলে বলেন, আকর্ষণীয় স্লোগান সবসময় কাজ করে না। আর মামদানি এটা কাজ করুক বা না-করুক, পরোয়া করেন না। কুওমো দাবি করেন, খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় তার পরিকল্পনা ভেবেচিন্তে তৈরি হয়েছিল। তিনি উল্লেখ করেন, কানসাস সিটি সম্প্রতি কোটি কোটি ডলার অপচয়ের পর তাদের সিটি-অধিকৃত সুপার স্টোর ও বিনামূল্যের বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে।
কানসাস সিটির উদাহরণে বলা হচ্ছে, সেখানে সিটি-মালিকানাধীন সান ফ্রেশ মার্কেট ১০ বছরে প্রায় ১৮ মিলিয়ন ডলার সরকারি অর্থ পেয়েছিল। কিন্তু চুরি, খালি তাক ও বিপুল লোকসানের কারণে এটি বন্ধ হয়ে যায়। এরপর শহরটি বিনামূল্যের বাস পরিষেবাও বাতিল করে। কুইন্স থেকে নির্বাচিত ও ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচিত মামদানি প্রতিটি বারের জন্য মোট পাঁচটি পৌর গ্রোসারি স্টোর খোলার প্রস্তাব দিয়েছেন। আনুমানিক খরচ ধরা হয়েছে ছয় কোটি ডলার। তার দাবি, এই দোকানগুলো খাদ্যের বাড়তি দাম ঠেকাবে এবং সাশ্রয়ী খাবারের সহজলভ্যতা বাড়াবে। তবে সমালোচকদের মতে, এতে বেসরকারি দোকান বন্ধ হয়ে যেতে পারে, ভোক্তাদের বিকল্প কমে যাবে এবং শহরবাসীকে অসহনীয় ব্যয়ভার বইতে হবে।
মেয়র পদপ্রার্থী মামদানি সম্প্রতি আবাসন বিষয়েও বিতর্কে জড়িয়েছেন। ফক্স নিউজ ডিজিটালের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১.৫ লাখ ডলার বার্ষিক আয় থাকা সত্ত্বেও তিনি ভাড়া-নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্টে বসবাস করে নৈতিকতা প্রশ্নবিদ্ধ করেছেন এ প্রসঙ্গে কুওমো বলেন, ‘জোহরানস ল’যাতে উচ্চ আয়ের ব্যক্তিরা ভর্তুকিযুক্ত বাসায় থাকতে না পারেন।
মামদানি জানিয়েছেন, তিনি যখন ওই অ্যাপার্টমেন্টে ওঠেন তখন তার আয় ছিল মাত্র ৪৭ হাজার ডলার এবং তিনি জানতেন না যে এটি ভাড়া-নিয়ন্ত্রিত। তার প্রচার টিম সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই উড়িয়ে দিয়েছে। হোচুলের মন্তব্য নিয়ে মমদানি’র প্রচার টিম কোনো মন্তব্য করেনি। ফক্স নিউজ ডিজিটালের পক্ষ থেকে জবাব চাইলেও গভর্নর হোচুলও কোনো প্রতিক্রিয়া দেননি।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh