বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদোকে লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধার পরামর্শ দিয়ে চমক সৃষ্টি করেছেন তার এক প্রাক্তন সতীর্থ। তিনি আর কেউ নন, রোনালদোর ম্যানইউ সতীর্থ ইংলিশ ফুটবলার ওয়েস ব্রাউন। বিশ্বকে ঐতিহাসিক ফুটবল দ্বৈরথ দেখার সুযোগ ফিরিয়ে আনতে স্পোর্টস ডেইলিকে দেওয়া সাক্ষাতকারে এ জুটি বাধার তাগিদ দিয়েছেন ব্রাউন। ব্রাউন বলেন, ‘ক্রিশ্চিয়ানোর যুক্তরাষ্ট্রে যাওয়া উচিত। বিশেষ করে এই সময়ে যখন মেসি ওখানে খেলছেন। আমি তার খেলা দেখেছি। বয়স চল্লিশের কাছে এসেও তিনি যেভাবে ফিটনেস ধরে রেখেছেন এবং মাঠে নৈপুণ্য উপহার দিচ্ছেন তা অসাধারণ।’
রোনালদোর সাম্প্রতিক পারফরম্যান্স ও ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে গিয়ে ব্রাউন জোর দেন, রোনালদো ও মেসির মতো দুই মহাতারকা যদি একসঙ্গে একটি দলে খেলেন, তবে তা ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তিনি আরও বলেন, তাদের মধ্যে থাকা প্রতিদ্বন্দ্বিতাকে একত্রিত করে একটি দলকে আরও শক্তিশালী করা যেতে পারে।
এই প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলপ্রেমীরা মতামত ভাগ করে নিয়েছেন, কেউ কেউ এটিকে একটি ‘অবাস্তব স্বপ্ন’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ বলছেন এটি ফুটবলে এক নতুন অধ্যায় সৃষ্টি করতে পারে। রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে যুক্ত আছেন এবং মেসি ইন্টার মায়ামির হয়ে খেলছেন। এই দুই মহাতারকার সম্ভাব্য এক হওয়া নিয়ে ফুটবলবিশ্বে জল্পনা শুরু হলেও বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh