বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো
অবশেষে পদত্যাগ করলেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তে সত্যতা মেলার পর তার এই পদত্যাগ। তার পদত্যাগ আগামী ১৪ দিনের মধ্যে কার্যকর হবে। এরপর দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথে হসুল। ১০ আগস্ট (মঙ্গলবার) এক বিবৃতিতে কুমো বলেছেন, ‘আমি সরে গিয়েই সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি।’
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তদন্তে উঠে আসে, কুমো অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন। তাদের মধ্যে রাজ্যের কর্মীরাও রয়েছেন। যদিও এসব অভিযোগ কুমো অস্বীকার করেছেন। এখন একাধিক কাউন্টিতে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
এর আগে তাকে পদ থেকে সরে যেতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় অ্যান্ড্রু কুমো অভিযোগ প্রত্যাখ্যান করে স্বপদে বহাল থাকার কথা জানিয়েছিলেন।
গভর্নরের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ আনার পর গতবছর অ্যাটর্নি জেনারেল একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকারীরা পাঁচ মাস ধরে স্টাফ, অভিযোগকারীসহ ২০০ জনের মতো মানুষের সঙ্গে কথা বলেন। তারা তদন্তের অংশ হিসেবে ১০ হাজারের মতো ডকুমেন্ট, লেখা ও ছবি যাচাই করেন।
তথ্য-প্রমাণাদির সাপেক্ষে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লিতিতিয়া বলেছেন, তদন্ত থেকে প্রমাণিত হয় যে, গভর্নর অ্যান্ড্রু কুমো কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন এবং ফেডারেল ও অঙ্গরাজ্যের আইন ভঙ্গ করেছেন।’
Posted ৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh