বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
করোনা ভাইরাস মহামারীর কারণে কর্মচ্যুত আমেরিকানের জন্য ফেডারেল সরকার ও স্টেট সরকারের লেবার ডিপার্টমেন্ট যে আর্থিক সহায়তা দিয়ে আসছিল আগামী মাসেই (সেপ্টেম্বর ২০২১) সে সহায়তা বন্ধ হয়ে যাবে ৭৫ লাখ আমেরিকানের ক্ষেত্রে। শুধু সাপ্তাহিক ৩০০ ডলারের ফেডারেল আনএমপ্লয়মেন্ট বেনিফিটই নয়, তাদের ক্ষেত্রে সব ধরনের আনএমপ্লয়মেন্ট সহায়তা বন্ধ হয়ে যাবে। এসব সুবিধা পুনর্বাহল করার কোনো পরিকল্পনা সরকারের নেই। সেঞ্চুরি ফাউন্ডেশনের এক রিপোর্টে বলা হয়েছে যে, করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের বিস্তারের কারণে শিথিল করা স্বাস্থ্যবিধি পুনরায় বহাল করা সত্ত্বেও ওয়াশিংটন ডিসিতে আইন প্রনেতারা আর্থিক সুবিধার মেয়াদ সম্প্রসারণের ব্যাপারে কোনো আগ্রহ প্রদর্শন করছেন না। বাম ধারার গবেষণা প্রতিষ্ঠান সেঞ্চুরি ফাউন্ডেশনের সিনিয়র ফেলো এন্ড্রু স্টেটনারের রিপোর্ট অনুযায়ী মহামারীর কারণে বেকার হয়ে পড়া লোকজনের সংকট এখনো কাটেনি। তিনি যে ৭৫ লাখ লোকের আসন্ন সংকটের কথা উল্লেখ করেছেন, তাদের ক্ষেত্রে আর্থিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্তটি কিছুটা দ্রুত ও তাৎক্ষণিক নেয়া হচ্ছে। তিনি ইনসাইডার ম্যাগাজিনকে বলেছেন, “আমরা আরও শক্তিশালী আর্থিক সহায়তা কর্মসূচি গ্রহণের মাধ্যমে অতীতের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করছি। তা সত্বেও আমরা কর্মহীনদের সহায়তা ও অর্থনৈতিক স্টিমুলাস দ্রুত বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছি। এর ফলে কর্মচ্যুত শ্রমিকরা উপকৃত হবে না বরং ইতোমধ্যে ভোগ্যপন্যের মূল্যে যে স্ফীতি ঘটেছে, তাতে কর্মহীনদের দুর্ভোগ বাড়বে এবং জিডিপি বৃদ্ধির গতিও মন্থর হয়ে পড়বে।
কিন্তু হোয়াইট হাউজ এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। এমনকি ডেল্টা ভেরিয়েন্টের বিস্তারে অর্থনীতিতে কি প্রতিক্রিয়া পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে, সে সম্পর্কে জানতে চাইলেও হোয়াইট হাউজ কোনো সাড়া দেয়নি। মহামারী শুরু হওয়ার পর কর্মহীন আমেরিকান ও বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা দুটি পর্যায়ে ফেডারেল আর্থিক সহায়তা লাভ করেছেন। প্রথমটি ছিল ‘প্যানডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিষ্ট্যান্স’ (পিইউএ) এবং দ্বিতীয় পর্যায়েরটি, যা এখনো বহাল রয়েছে সেটি ‘প্যানডেমিক এক্সটেনডেড আনএমপ্লয়মেন্ট অকমপেনসেশন’ (পিইইউসি) কর্মসূচি। সেঞ্চুরি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী ফেডারেল আর্থিক সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আনুমানিক ৪২ লাখ কর্মী পিইউএ’র সুবিধা লাভ করবেন এবং ৩৩ লাখ কর্মী পিইইউএ’র আর্থিক সুবিধা লাভ করবেন। এছাড়াও ৩০ লাখের অধিক সংখ্যক কর্মী যারা সপ্তাহে ৩০০ ডলার হারে স্টেট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সাপ্লিমেন্ট লাভ করছেন। এই আর্থিক সুবিধা বন্ধ করা হলে অর্থনীতিতে সাড়ে তিন বিলিয়ন ডলারের প্রবাহ বন্ধ হয়ে যাবে। এন্ড্রু সেটটনার মনে করেন যে বেকারত্ব হার মহামারী পূর্ব পর্যায়ে ফিরে না আসা পর্যন্ত কর্মহীনদের জন্য আর্থিক সহায়তা অব্যাহত রাখার আবশ্যকতা রয়েছে। কারণ বর্তমানে যে হারে কর্মসংস্থান হচ্ছে তা ২০২০ সালের মার্চ মাসের পর্যায়ে ফিরে যায়নি।
এদিকে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্যাকেজ পাস করানোর ক্ষেত্রে সিনেট ডেমোক্রেটরা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছেন। অর্থ্যাৎ সিনেটে রিপাবলিকানদের ঐক্যবদ্ধ বিরোধিতা মোকাবেলা করতে ৫০ জন ডেমোক্রেট সিনেটরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেডারেল আনএমপ্লয়মেন্ট বেনিফিটের মেয়াদ আর সম্প্রসারণ করা হবে না। কিন্তু সামনের সপ্তাহগুলোতে যে ডেমোক্রেটদেরকে অসংখ্য কর্মহীন আমেরিকানের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়া প্রত্যক্ষ করতে হবে তা প্রায় স্পষ্ট। কিন্তু খুব কম সংখ্যক ডেমোক্রেট আইন প্রনেতাই তা উপলব্ধি করতে সক্ষম।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh