স্পোর্টস ডেস্ক : | শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সিরিজ ড্রয়ের পর ট্রফি হাতে কামিন্স ও শান্ত। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখে ইতিহাস গড়া টেস্ট জয়, ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মুকুটে যোগ হয়েছে নতুন এক উজ্জ্বল রত্ন। ডারউইনে স্বাগতিকদের মাটিতে গুঁড়িয়ে দেওয়ার পর ম্যাকাইয়ে কিছুটা হোঁচট খেলেও তানজিদ-তাসকিনরা অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন মাথা উঁচু করেই।
বিশ্বমঞ্চে এই অভাবনীয় পারফরম্যান্স শুধু ক্রিকেটপ্রেমীদেরই গর্বিত করেনি, বরং দলীয় আত্মবিশ্বাসকেও অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এই ঐতিহাসিক সফরের রেশ কাটতে না কাটতেই পেস বোলিং কোচ তালহা জুবায়ের আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই পারফরম্যান্সের সুবাদে আগামী বছরই অর্থাৎ ২০২৭ সালে আবারও অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের তৃপ্তি এবং দল কতটা সম্মান নিয়ে ফিরেছে সে বিষয়ে বিমানবন্দরে তালহা সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি, এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই, তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। দল অনেক ভালো শেইপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরের দেশে গিয়েও ভালো করতে পারি।’
ভবিষ্যতে আবারও অস্ট্রেলিয়ার মাঠে খেলার সুযোগ পাওয়ার ব্যাপারে প্রবল আশাবাদী পেস বোলিং কোচ। অজিদের বিপক্ষে বড় ভেন্যুতে খেলার সম্ভাবনার কথা জানিয়ে তালহা জুবায়ের আরও যোগ করেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন, ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারব আশা করি।’
Posted ১:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh