বাংলাদেশ অনলাইন ডেস্ক : | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের শেষ পর্যায়ের উত্তেজনা যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তখন নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত রকেফেলার সেন্টার প্লাজায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী আয়োজনের। যেখানে প্রতিবছর বড়দিন উপলক্ষে বিশাল ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়, এবার সেই স্থানেই দাঁড়িয়ে আছে লেগো দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ।
১.৩৬ মিলিয়নেরও বেশি লেগো ব্রিক ব্যবহার করে নির্মিত এই বিশাল শিল্পকর্মটি ফিফা ফ্যান ভিলেজের অংশ হিসেবে প্রদর্শন করা হয়েছে। এটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটক ও ফুটবলপ্রেমীরা।
লেগোর তৈরি এই বিশ্বকাপ ট্রফির উচ্চতা ২৭ ফুট এবং ওজন প্রায় ৪.২ টন। চেক প্রজাতন্ত্রের একটি লেগো কারখানায় ৫৯ জন বিশেষজ্ঞের দীর্ঘ ৭ হাজার ৪০ ঘণ্টার পরিশ্রমে তৈরি হয়েছে এই অনন্য স্থাপনা। ফুটবলের বৈশ্বিক উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে ফিফা ও লেগোর যৌথ উদ্যোগে তৈরি এই প্রতিকৃতি এখন নিউইয়র্কের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
গত ৬ জুলাই ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার কাফু আনুষ্ঠানিকভাবে লেগোর তৈরি এই ট্রফিটি উন্মোচন করেন।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার দিন ১৯ জুলাই পর্যন্ত রকেফেলার প্লাজার এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। ফুটবল ও সৃজনশীল শিল্পের এই অসাধারণ সমন্বয় দেখতে শহরজুড়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
Posted ৮:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh