বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৬ জুন ২০২২
আনন্দে উচ্ছসিত ওয়েলস খেলোয়াড়দের
অবশেষে অপেক্ষার অবসান ঘটাল ওয়েলস। ৬৪ বছর পর বিশ্বকাপে খেলা নিশ্চিত করল তারা। আত্মঘাতী গোলে ইউক্রেনকে ১-০ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল গ্যারেথ বেলরা। ম্যাচের ৩৪ মিনিটে নিজেদের জালেই বল পাঠান ইয়ামোলেংকো। স্বপ্নপূরন হয়নি ইউক্রেনের। তবে ম্যাচ শেষে হাততালি দিয়ে অভিনন্দন জানাতে ভুলে যাননি আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো-ওলেকসান্দর জিনচেঙ্কোরা।
গত ২ জুন প্লে-অফের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারানো ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই আজ দল নামিয়েছেন ইউক্রেন কোচ ওলেকসান্দর পেত্রাকভ। ওয়েলস এর আগে সর্বশেষ ম্যাচটা খেলেছিল ১ জুন, উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে। খুব স্বাভাবিকভাবেই ওই ম্যাচে সেরা একাদশটা খেলাননি কোচ রব পেইজ। গ্যারেথ বেল-অ্যারন রামসে-জো অ্যালেন কেউই ছিলেন না সেদিন। এই ম্যাচের জন্যই নিজের সেরা খেলোয়াড়দের বাঁচিয়ে রেখেছিলেন পেইজ।
তবে কার্ডিফ সিটি স্টেডিয়ামে তারপরেও প্রথমার্ধটা ইউক্রেনই দাপটের সঙ্গে খেলল, সুযোগ পেল বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেরা গোল তো পেলই না, উল্টো ৩৪ মিনিটে গোল খেয়ে বসল। বাঁ পাশে বক্সের কিছুটা বাইরে থেকে নেওয়া গ্যারেথ বেলের ফ্রি-কিক বিপদমুক্ত করতে হেড করেছিলেন ইউক্রেন অধিনায়ক আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো। বল তার মাথায় লেগে চলে যায় নিজেদের জালে।
সেই গোলটা শোধ করার সুযোগ মিনিট পাঁচেক পরেই পেতে পারত ইউক্রেন। কিন্তু ইয়ারমোলেঙ্কোকে বক্সের ভেতর ফাউল করেও বেঁচে যান জো অ্যালেন। ভিএআরে বাতিল হয়ে যায় ইউক্রেনের পেনাল্টির আবেদন। যদিও রেফারির সিদ্ধান্তটা বিতর্কিত মনে হয়েছে রিপ্লে দেখে।
বিরতির পর মাঠে নামার মিনিট চারেকের মধ্যেই প্রতি আক্রমণ থেকে পাওয়া একটা দারুণ সুযোগ নষ্ট করেছেন ওয়েলসের অ্যারন রামসে। ইউক্রেন অবশ্য হাল ছাড়েনি। একের পর এক আক্রমণ করে গেছে, ওয়েলস মূলত অপেক্ষায় থেকেছে প্রতি আক্রমণের। রক্ষণভাগে বেশ সময় কেটেছে ওয়েলসের লেফট ব্যাক বেন ডেভিস ও গোলরক্ষক ওয়েইন হেন্নেসির। এর মধ্যেই ৭৫ মিনিটে ইউক্রেনকে প্রায় নিশ্চিত গোল থেকে বাঁচান গোলরক্ষক জর্জ বুশান, গ্যারেথ বেলের দুর্দান্ত গতির শট ঝাঁপিয়ে ঠেকান তিনি।
পরের মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন ইয়ারমোলেঙ্কোও। কিন্তু আরও একবার ওয়েলসের ত্রাণকর্তা হয়ে দেখা দেন বেন ডেভিস। ৮৪ মিনিটে ভিতালি মিকোলেঙ্কোর ক্রসে হেড করেছিলেন বদলি নামা আর্তেম দোবিক। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই হেড ঠেকিয়ে দেন ওয়েইন হেন্নেসি। গোলের দেখা তাই আর পাওয়াই হলো না ইউক্রেনের। অধরা থেকে গেল ২০০৬ সালের পর আরও একটা বিশ্বকাপের স্বপ্ন। ওদিকে কাতারের টিকিট নিশ্চিত করে ওয়েলস মেতে উঠল বুনো উদ্যাপনে।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh