বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
সাগর চায়নিজ
নিউইয়র্ক সিটির বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে এবার ইফতারির বাজার জমজমাট। বিগত দু’বছর মহামারি করোনা সংক্রমনের কারণে মানুষের জীবনযাত্রার পাশাপাশি থমকে যায় সবকিছু। চলতি বছর রমজানে নূতন স্বাভাবিকতায় আবার জেগে উঠেছে জীবন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। রোজার অন্যতম অনুসঙ্গ ও আনন্দ হলো দিন শেষে ইফতার গ্রহণ। এই ইফতারিকে ঘিরে হোটেল রেস্টুরেন্টগুলো হয়ে উঠেছে প্রাণবন্ত। নিউইয়র্ক সিটির মুসলিম অধ্যুষিত রেস্টুরেন্টগুলোতে ধূম পড়েছে বাহারি ও মুখরোচক ইফতারি বিক্রির। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিষের মূল্য বৃদ্ধি পেলেও তূলনামূলকভাবে ইফতারির মূল্য তেমন বৃদ্ধি পায়নি। অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতার সংখ্যাও অধিক বলে জানান রেস্টুরেন্ট মালিকগণ।
রমজানের দ্বিতীয় সপ্তাহ চলছে। রোজা উপলক্ষ্যে পাল্টে গেছে মুসলিম কমিউনিটির পরিবেশ-পরিস্থিতি। ইফতার সামগ্রীতে ছেয়ে গেছে গ্রোসারী, সুপার মার্কেট সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো। রোজার প্রথম ১০ দিন রেস্টুরেন্টগুলোতে ছিল রকমারি ইফতারির সমাহার। বিশেষ করে জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ব্রুকলিন, ব্রঙ্কস, ওজোন পার্কসহ বাংলাদেশী এলাকার রেস্টুরেন্টগুলোতে বিকেল চারটার পর থেকেই ভিড় বাড়তে থাকে ইফতারি ক্রেতাদের। নিউইয়র্কের বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে দেখা গেছে ইফতারীর তালিকায় শীর্ষে রয়েছে খেজুর, জিলাপী, ছোলা-বুট বেগুনী আর বাংলাদেশী মুড়ি। হোটেল-রেস্তোরায় গড়ে ১০/১২ আইটেমের ইফাতারী বক্সের মূল্য এবার ১০ ডলার।
রেস্টুরেন্ট মালিকরা বলেন, রমজান মাসে ব্যবসায়িক দিকের চেয়ে মানুষের সেবার বিষয়টির ওপর অধিক গুরুত্ব দিচ্ছেন তারা। অন্যান্য বছরের মতো এবারো রেস্টুরেন্টগুলোতে থাকছে বিভিন্ন সাইজের ইফতার বক্স। আইটেম ও সাইজ অনুপাতে নির্ধারণ করা হয়েছে বক্সের মূল্য। দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে কোন কোন আইটেমের মূল্য কিছুটা বাড়ানো হয়েছে কোন কোন রেস্টুরেন্টে। ইফতারের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের হালিম ও জিলাপি বিক্রির আয়োজন। বেশির ভাগ ইফতারিই গ্রাহকগন বাসায় নিয়ে যাচ্ছেন।

জ্যামাইকার সাগর, তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল, ঘরোয়া, ধাঁনসিড়ি, ঢাকা সুইটস, জ্যাকসন হাইটসের প্রিমিয়াম, নবান্ন, হাটবাজার, ব্রুকলীনের ঘরোয়া, স্বদেশ, ব্রঙ্কসের খলিল বিরিয়ানী, নিরব, প্রভৃতি রেস্টেুরেন্টে ইফতারী আইটেমের বহুল সমাবেশ। জ্যামাইকায় তাজমহল রেস্টুরেন্ট, সাগর চাইনিজ, সাগর রেস্টুরেন্ট, ঘরোয়া ও ধাঁনসিড়িতে বিকেল পাঁচটার পর লাইন ধরে ইফতার ক্রয় করতে দেখা যাচ্ছে ক্রেতাদের। অনেকে আবার রেস্টুরেন্টে বসেও গ্রহণ করছেন ইফতার।
ইফতার মাহফিলের হিড়িক
এদিকে রমজান উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশী মুসলিম কমিউনিটিতে ইফতার মাহফিল আয়োজনের হিড়িক পড়েছে। প্রায় প্রতিদিনই একাধিক ইফতার মাহফিলের আয়োজন হচ্ছে কমিউনিটিতে। বিশেষ করে উইক ডে এবং উইকেন্ড ছাড়াও ৩/৪টি ইফতার মাহফিলের ফলে এসব অনুষ্ঠানে আমন্ত্রিতরা বিপাকে পড়ছেন। কেননা, নিয়মানুযায়ী একই সময়ে ইফতার গ্রহণ হয়ে থাকে। এদিকে ইফতার মাহফিলের জন্য স্থান পাওয়া যাচ্ছে না বলে একাধিক সংগঠন সূত্রে জানা গেছে। উইকেন্ডে ইফতার পার্টি আয়োজনের বিভিন্ন রেস্টুরেন্ট, পার্টি হল ও মিলনায়তন ইতোমধ্যেই বুকিং হয়েছে। নতুন করে হল বুকিং পেতে সংগঠনগুলো সমস্যায় পড়ছে। অপরদিকে মসজিদে মসজিদে ইফতারীরও আয়োজন হচ্ছে। গত সপ্তাহে কমিউনিটির বিভিন্ন সংগঠনের উদ্যোগে অন্তত ১০টি ইফতার পার্টি আয়োজিত হয়। তবে এবার মসজিদগুলোতে ইফতারির তেমন আয়োজন হচ্ছে না।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh