বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
এস্টোরিয়ায় ২ বিলিয়ন ডলারে নির্মিত হচ্ছে ২ হাজার ৮৪৫টি এপার্টমেন্ট। ইনোভেশন কিউএনএস বাস্তবায়ন করবে এই মেগা প্রকল্প। নূতন এই এপার্টমেন্ট প্রকল্প বাস্তবায়িত হলে পাল্টে যাবে এস্টোরিয়ার বর্তমান অবয়ব ও পরিবেশ। এস্টোরিয়া নিউইয়র্ক সিটির বহুজাতিক সমাজ ও সংস্কৃতি সমৃদ্ধ একটি এলাকা। অনুচ্চ ভবনের বসতি, ক্ষুদ্র ব্যবসায় ও অসংখ্য রেস্টুরেন্ট ক্যাফে নিয়ে গড়ে উঠা এস্টোরিয়া বরাবরই নিউইয়র্কবাসীর নিকট একটি আকর্ষনীয় স্থান। যুগ যুগ ধরে বিভিন্ন জাতি গোষ্ঠির মানুষের অক্লান্ত প্রচেষ্টার ফসল এস্টোরিয়ার চমৎকার এই প্রতিবেশ। এখনো এস্টোরিয়ার সৌন্দর্য বৃদ্ধিতে চলছে নানাবিধ উদ্ভাধনী কর্মকান্ড। ইনোভেশন কুইন্স প্রকল্প তারই অংশ। ইনোভেশন কিউএনএস নূতন করে উদ্যোগ নিয়েছে এস্টোরিয়ার অপেক্ষাকৃত অনুন্নত এলাকাকে বাসস্থান, ব্যবসায় বাণিজ্য সহ সবদিক থেকে উন্নত ও আধুনিকায়ন করার।
এজন্য সংস্থাটি বেছে নিয়েছে এস্টোরিয়ার স্টাইনওয়ে স্ট্রিটের দক্ষিণ প্রান্তের অব্যবহৃত শিল্প ও বাণিজ্য ভবন, পার্কিং লট ও খালি জায়গা। স্থানীয় সমাজকর্মী, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসায়ী, অলাভজনক সংগঠন ও বাসীন্দাদের সাথে দীর্ঘ চারবছর এই প্রকল্প নিয়ে মতবিনিময় করে আসছে এই প্রতিষ্ঠানটি। চলমান সংকটকালীন সময়ে স্থানীয় পরিবেশ ও প্রতিবেশকে গুরুত্ব দিয়ে একটি কার্যকর অর্থনৈতিক সুযোগ সৃষ্টির মাধ্যমে এস্টোরিয়াকে সৃজনশীল ডিস্ট্রিক্টে পরিণত করতে চায় ইনোভেশন কুইন্স প্রকল্প। যেখানে সবাইকে অন্তর্ভূক্ত করে গড়ে উঠবে শক্তিশালী একটি সাংস্কৃতিক বন্ধন। এজন্য ইনোভেশন কুইন্স সহসাই এ অঙ্গণে নূতন এবং বর্ধিত নয়নাভিরাম নির্মাণ শৈলীর মাধ্যমে স্থানীয় ‘কফম্যান আর্টস ডিস্ট্রিক্ট’, বর্তমান সাংস্কৃতিক স্থাপনা ‘মিউজিয়াম অব মুভিং ইমেজ” ও ‘দ্যা ফ্রাঙ্ক সিনাত্রা স্কুল অব আর্টস’ এর সমন্বয়ে গড়ে তুলবে ভিন্ন মাত্রার একটি কমিউনিটি।
যারা দীর্ঘদিন এই এলাকায় বাস করছেন এমন ব্যক্তি ও অলাভজনক প্রতিষ্ঠানের জন্য প্রকল্পের কেন্দ্রস্থলে থাকবে নূতন বাড়ি ও ভবন। এস্টোরিয়ার স্টাইনওয়ে স্ট্রিট এর দক্ষিণপ্রান্তে ৫টি স্বল্প ব্যবহৃত ব্লকের জন্য একটি পরিকল্পনা বলতে বোঝায় ২ লাখ বর্গফুট এলাকা জুড়ে থাকবে বাসিন্দাদের জন্য দোকান-পাট, রেস্টুরেন্ট, কার্যকর ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র। উন্মুক্ত লন, খেলার মাঠ, কুকুরের পার্ক এবং শত শত নতুন গাছ সহ ২ একর নূতন সবুজ জায়গা।
# স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টিও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। সম্পূর্ন নূতন এবং আধুনিক স্থাপত্যে তৈরী করা হবে অভিজাত ২ হাজার ৮৪৫টি এপার্টমেন্ট। যার মধ্যে ৭২৫টি হবে স্থায়ী এফোর্ডেবল এপার্টমেন্ট। এসব এপার্টমেন্টের ৩০০টি থাকবে বয়স্কদের জন্য। যার মাসিক ভাড়া হবে সর্বোচ্চ ১ হাজার ডলার। নিম্ন ও মধ্যম আয়ের পরিবার এবং বয়স্কদের জন্য ৭০০ নতুন বাড়ি, যেখানে ৫০০টিরও বেশি বাড়ির ভাড়া হবে মাসে ১,৫০০ ডলারের কম।
# ইনোভেশন কিউএনএস এর উন্নয়ন প্রকল্পে নিউইয়র্কের খ্যাতিমান তিনটি প্রতিষ্ঠান কফম্যান এস্টোরিয়া স্টুডিও, সিলভারস্টেইন প্রপার্টিস ও রেডরক রিয়েল এস্টেট পার্টনারস সম্মিলিত ভাবে কাজ করছে। এজন্য প্রক্রিয়াধীন রয়েছে চূড়ান্ত মাস্টার প্ল্যান। ইনোভেশন কুইন্সের নির্মাণ ব্যয় ধরা হয়ে ২বিলিয়ন ডলার। সম্পূর্ন বেসরকারী বিনিয়োগ হবে স্থানীয় কমিউনিটিকে কেন্দ্র করে। ৫০০ জন নতুন পুলিশ অফিসার বা ৩৭৫ জন নতুন শিক্ষককে অর্থ প্রদান করার জন্য তহবিলের ব্যবস্থা থাকবে এই প্রকল্পে।
ইনোভেশন কিউএনএস প্রকল্প সম্পন্ন হলে নূতন করে চাকুরীর সংস্থান হবে ৫হাজার ৪০০ মানুষের। নির্মাণ কর্মীর ৩হাজার পদ ছাড়াও ইউনিয়ন বিল্ডিং সার্ভিস সহ ভালো বেতনে স্থানীয়ভাবে নিয়োগ পাবে ১ হাজার ৭০০ মানুষ। কমিউনিটি ভিত্তিক অলাভজনক সংস্থার মাধ্যমে সম্প্রসারিত স্কুল-পরবর্তী প্রোগ্রাম, প্রবীণদের জন্য পরিসেবা, চাকরির প্রশিক্ষণ এবং আরও অনেক কিছু রয়েছে এই প্রকল্পে।
ইনোভেশন কুইন্স প্রকল্প নিয়ে ইতোমধ্যেই হৈ চৈ পড়ে গেছে স্থানীয়দের মাঝে। নূতন সাজে সাজছে স্থানীয় ভবন ও রাস্তা সমূহ। কফম্যান স্টুডিও সংলগ্ন স্টাইনওয়ে স্ট্রিটের পিসি রিচার্ডসন ভবনের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে ‘ওয়েলকাম এস্টোরিয়া মুর্যাল।’ অতি সম্প্রতি দৃষ্টিনন্দন ১৭৫ ফুট দীর্ঘ এ মুর্যালটি করেছেন ক্ইুন্সে বেড়ে উঠা বাংলাদেশী-আমেরিকান তরুণ শিল্পী জিহান ওয়াজেদ। ইনোভেশন কিউএনএস প্রকল্পে চূড়ান্ত বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সাথে চলছে মত বিনিময়। আগামী ১১ জুন, শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত স্থানীয মেলরুজ বলরুমে (Melrose Ballroom, 3608, 33rd Street, Astoria, NY-11106) একটি ইন্টারেক্টিভ কমিউনিটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই প্রকল্পের সমর্থনে এগিয়ে এসেছেন এলাকাবাসী সহ সিটির উন্নয়নকামী বিপুল সংখ্যক মানুষ। ইনোভেশন কিউএনএস প্রকল্প কর্র্তৃপক্ষ নিউইয়র্ক সিটির আধুনিকায়নে ও সৌন্দর্য্য বর্ধণে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছে।
Posted ৮:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh