বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২৬ জুন ২০২৪
গোলের পর লাওতারো মার্তিনেজের উদযাপন। তাঁর গোলেই আজ চিলির বিপক্ষে ১-০ গোলের জয় পেল আর্জেন্টিনা। ছবি : এএফপি
লাওতারো মার্তিনেজ উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন। দৌড়ানোর কারণ যে গোল উদযাপনের আনন্দ, সেটা আর না বললেও চলছে। মার্তিনেজের মতো আর্জেন্টিনা ফুটবল দল, গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকেরা উদযাপন শুরু করে দিয়েছেন। তবে রেফারি যে কিছুতেই নিশ্চিত হতে পারছিলেন না। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রেখে গোলের স্বীকৃতি দেওয়া হয়।
৮৮ মিনিটে মার্তিনেজের গোলটাও হয়েছিল অসাধারণ। লিওনেল মেসির কর্নার থেকে পাওয়া সুযোগ মার্তিনেজ বেশ দক্ষতার সঙ্গে চিলির রক্ষণভাগকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন। আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলটিই শেষ পর্যন্ত আজ ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে ১-০ গোলের রুদ্ধশ্বাস জয় পেল আকাশী-নীলরা। এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্টে পয়েন্ট তালিকার শীর্ষে আলবিসেলেস্তেরা। দুইয়ে থাকা কানাডার পয়েন্ট ৩। তিন ও চারে থাকা চিলি, পেরু দুই দলেরই ১ পয়েন্ট।
ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেসের পাস রিসিভ করে বাঁ পায়ে শট নেন হুলিয়ান আলভারেজ। তবে চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো সেই আক্রমণ প্রতিহত করেছেন। এর পরপরই গোলের সুযোগ হাতছাড়া করেছেন গঞ্জালেস। লিওনেল মেসির থ্রু বল থেকে গঞ্জালেসের জন্য গোল করা একটু কঠিনই ছিল।
৩০ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে গঞ্জালেসের হেডে দেওয়া শট প্রতিহত করেন চিলির গোলরক্ষক ব্রাভো। চিলির গোলরক্ষক আজ নিজের নামের সার্থকতা বজায় রেখেছেন। আর্জেন্টিনার একের পর এক আক্রমণের সামনে ব্রাভো যেন বনে যান ‘চীনের মহাপ্রাচীর’। এরই মধ্যে আলবিসেলেস্তেরাও একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে। ৩৬ মিনিটে মেসির শট গোলপোস্টে লেগে ফেরত চলে যায়।
কোপা আমেরিকায় প্রতিপক্ষ চিলি হলে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মনে হয়তো ভেসে ওঠে পুরোনো স্মৃতি। ২০১৫,২০১৬ টানা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতে চিলি। সেই চিলির বিপক্ষে আজ দাপট দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা। ৬৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৬ শট। চিলি বল দখলে রাখে ৩৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩ শট নেয় চিলি। আর্জেন্টিনার মতো সুযোগ হাতছাড়া করেছে চিলিও।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh