বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
চলতি বছরের সর্বশেষ ফিফা উইন্ডো আগামী মাসের ১১ থেকে ১৯ তারিখ পর্যন্ত। এই সময়টায় ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাফুফে ও মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন দুই পক্ষই এতে সম্মত হয়েছে। তবে লাল-সবুজের জার্সিতে এখনই অভিষেক হচ্ছে না হামজা চৌধুরীর। নভেম্বর উইন্ডোতে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ করছিল বাংলাদেশ। তবে সেই দুই দেশ বাদ দিয়ে বাংলাদেশ বেছে নিয়েছে মালদ্বীপকে। তার কারণ হিসেবে বাফুফের সাধারণ সম্বাপদক ইমরান হোসেন তুষার বলেন, ‘মালয়েশিয়া, থাইল্যান্ড তারা একটি করে ম্যাচ খেলতে চেয়েছে। মালদ্বীপ আমাদের দেশে এসে দুই ম্যাচ খেলবে। ম্যাচ সংখ্যা ও ব্যয় দু’টোই আমাদের জন্য সহনীয় হওয়ায় এটা বেছে নেয়া হয়েছে।’
সম্প্রতি বাংলাদেশের ফুটবল নিয়ে কথা উঠলেই আলোচনায় আসেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। যদিও অফিসিয়ালি সে এখন বাংলাদেশের খেলোয়াড়। এখন শুধু অপেক্ষা লাল-সবুজের জার্সিটা তার গায়ে তোলা। কিছুদিন আগে লেস্টার সিটির হয়ে অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছিলেন হামজা। প্রথমে শোনা গিয়েছিল তার অস্ত্রোপাচার লাগবে। তবে সম্প্রতি লেস্টার সিটির কোচ স্টিভ কুপার জানিয়েছেন, হামজার অস্ত্রোপাচার লাগছে না। যদিও তিনি চোটের কারণে এই মুহূর্তে বিশ্রামেই আছেন।
নভেম্বরে বাংলাদেশের জার্সিতে হামজার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কয়েক সপ্তাহ আগেই হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তার বিষয়টি এখন আছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেখান থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের জার্সিতে খেলতে হামজা চৌধুরীর আর কোনও বাধা থাকবে না।
হামজার ব্যাপারে ইমরান হোসেন তুষার বলেন, ‘ফিফায় আমরা আবেদন করেছি। ফিফা থেকে অতিরিক্ত কিছু ডকুমেন্টস চেয়েছে। আমরা সেগুলো সরবরাহ করতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। সে এখন ইনজুরিতে রয়েছে। ইনজুরি থেকে সেরে ওঠে নভেম্বরে তার খেলার সম্ভাবনা খুবই কম।’
এদিকে আগামী মাসে ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে বসুন্ধরার কিংস অ্যারেনায়। যদিও এ ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি বাফুফে। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘কিংস অ্যারেনার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। খুব শিগগিরই বিষয়টি জানাতে পারবো। সর্বশেষ নির্বাহী কমিটির সভায় নভেম্বর উইন্ডোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই মোতাবেক আমরা সব কিছু গুছিয়ে রাখছি।’
আগামী মাসেই এশিয়ান কাপ বাছায়ের ড্র অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের মার্চ থেকে শুরু হবে বাছাই। হামজা চৌধুরীকে পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।
Posted ৭:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh