বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২১ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসতে আর বেশি দেরি নেই। আর বাকি সপ্তাহ দুয়েক। ইতিমধ্যেই প্রচারপর্ব শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এবার নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল এক অন্য রূপে। ২০ অক্টোবর (রবিবার) তিনি মার্কিন একটি ফাস্ট ফুড চেইন রেস্তেরায় গিয়েছিলেন। যে রেস্তোরাঁর নাম ম্যাকডোনাল্ডস।
অভিনব কায়দায় প্রচার সেরে শিরোনাম হলেন ডোনাল্ড। ম্যাকডোনাল্ডসে গিয়ে ট্রাম্পকে ফ্রেঞ্চফ্রাই বিলোতে দেখা গেল। এমনকি ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গিয়ে ট্রাম্প পরনের স্যুটও খুলে ফেলেন। কালো-হলুদ অ্যাপ্রোন পরে ফ্রেঞ্চফ্রাই ভাজলেন।
শুধু তাই নয়, ওই রেস্তোরাঁর জানালা দিয়ে মুখ গলিয়ে তার সমর্থকদের হাতে ওই ফ্রেঞ্চফ্রাই বিতরণ করলেন ট্রাম্প। এই সময় রাস্তার উল্টো পাশে হাজারো মানুষ জড়ো হয়ে এই অদ্ভুত দৃশ্যটি দেখে চক্ষু সার্থক করলেন। এই নিয়ে ট্রাম্প জানিয়েছেন, ‘এই কাজটি আমার খুব পছন্দের। এটা করতে আমার বেশ ভাল লেগেছে। আমি এখানে খুব মজা করেছি।’ একই সঙ্গে ট্রাম্প আরও জানান, নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে কমলার প্রচারে টেক্বা দেয়ার জন্য ম্যাকডোনাল্ডসে এসেছেন তিনি।
অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস দুটি গির্জায় গিয়েছিলেন।এটি মার্কিনদের কাছে একধরনের উপাসনালয়ের মতো। যেখানে তারা নিয়ম করে যায়। অবশ্য এর আগে কমলা জানিয়েছিলেন, একসময় ছাত্রজীবনে ক্যালিফোর্নিয়ায় ম্যাকডোনাল্ডসে কাজ করেছিলেন তিনি। তবে ট্রাম্প এমন দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।
জর্জিয়ার স্টোনক্রিস্টে নিউ বার্থ মিশনারি ব্যাপ্টিস্ট চার্চ পরিদর্শন করতে গিয়েছিলেন কমলা। উপস্থিত মানুষের সামনে কমলা জানান, ‘এই সময়ে আমাদের দেশজুড়ে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ তৈরি করা, ঘৃণা ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি আর ভয়ের বীজ বপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, সামনেই মার্কিন নির্বাচন। জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে কম পিছিয়ে নেই কমলাও। এইসময় ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প-কমলা। এখন দেখার বিষয় কার হাতে ওঠে আমেরিকার জনগণের দায়ভার।
Posted ১০:০১ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh