বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি সি হকুল আগামী বছরের স্টেট বাজেটে স্টেটের ৮৬ লাখ করদাতা অধিবাসীকে ৩ বিলিয়ন ডলার রিফাণ্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই অর্থ করদাতাদের মুদ্রাস্ফীতিজনিত চাপের কারণে রিফান্ড আকারে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান হয়েছে সাংবাদিকদের। এ পরিকল্পনাটি গভর্নর জানুয়ারিতে তার স্টেট অফ দ্য স্টেট ভাষণে বিশেষভাবে উল্লেখ করবেন বলে নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে। তবে গত সোমবার গভর্নর হকুল বলেছেন যে প্রস্তাবিত রিফান্ড আগামী বছরের (২০২৫) বাজেট প্রস্তাবের অন্তর্ভূক্ত হবে।
এজন্য অর্থ আসবে প্রত্যাশিত বিক্রয় কর থেকে। রিফান্ড সম্পর্কে বলা হয়েছে যে, প্রস্তাব অনুযায়ী যেসব নিউইয়র্কবাসী যৌথভাবে তাদের আয়কর রিটার্ন জমা দেয় এবং বার্ষিক ৩ লাখ ডলারের কম আয় করেন, তারা ৫০০ ডলারের রিফান্ড চেক পাবেন। আবার যারা দেড় লাখ ডলার পর্যন্ত আয় করেন তারা রিফান্ড চেক পাবেন ৩০০ ডলার। গভর্নর বলেছেন এই রিফান্ড পাওয়া যাবে আগামী অটামে।
গভর্নর হকুল বলেন, আমি নিশ্চিত, কিছু নির্বাচিত কর্মকর্তা বা বিশেষ গোষ্ঠী এর বিরোধিতা করবে। কিন্তু আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, আমি আপনাদের পাশে আছি এবং আমি বিশ্বাস করি যে, অতিরিক্ত মুদ্রাস্ফীতির কারণে যে বিক্রয় কর আদায় হয় তা স্টেটের রাজস্ব ব্যয়ের অন্তর্ভূক্ত হওয়া নয়। এটা জনগণের অর্থ এবং এ অর্থ তাদের পকেটেই ফেরত যাওয়া উচিত। স্টেট অ্যাসেম্বলির নেতারা গভর্নরের প্রস্তাব সমর্থন করেছেন। অ্যাসেম্বলি স্পিকার কার্ল ই. হেস্টির মুখপাত্র মাইক হোয়াইল্যান্ড বলেছেন, অ্যাসেম্বলি ডেমোক্র্যাটরা ক্রয়ক্ষমতা সম্পর্কিত প্রশ্ন মোকাবেলা করতে আগ্রহী, তা আবাসন ব্যয় হোক বা খাদ্যমূল্য হোক।
Posted ১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh