বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
ব্রায়ান থমসন ও লুইজি ম্যাঞ্জোনে
ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থমসনের হত্যাকান্ডে অভিযুক্ত সন্দেহভাজন লুইজি ম্যাঞ্জোনেকে (২৬) পুলিশ গত সোমবার সকালে পেনসিলভেনিয়ার পশ্চিমাঞ্চলীয় আলটুনা সিটির এক ম্যাকডেনাল্ডস রেস্টুরেন্ট থেকে করেছে। ম্যাকডোনাল্ডসের একজন গ্রাহক তাকে শণাক্ত করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। যিনি পুলিশে ফোন করেছিলেন, তিনি পুলিশকে জানান যে নিউইয়র্ক পুলিশ ইউনাইটেড হেলথকেয়ারের সিইওকে হত্যায় জড়িত সন্দেহ যার ছবি প্রকাশ করেছে, সেই ব্যক্তির মতো দেখতে একজন ম্যাকডোনাল্ডসে খাচ্ছেন।
পুলিশ অবিলম্বে সেখানে পৌঁছে এবং তাকে গ্রেফতার করে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা প্রধান জোসেফ ই কেনি সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন যে, লুইজি ম্যাঞ্জোনে ম্যাকডোনাল্ডসে বসে খাচ্ছিলেন। তার মুখের ওপর নীল সার্জিক্যাল মাস্ক এবং সঙ্গে একটি ল্যাপটপ ছিল। পুলিশ অফিসাররা তাকে মাস্ক নামাতে বললে লুইজি মাস্ক নামান। একজন পুলিশ অফিসার যখন তাকে বলেন যে, ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থমসনের সন্দেহভাজন ঘাতক হিসেবে অনুসন্ধান করা হচ্ছে, তখন তিনি তা স্বীকার করেন।
সোমবার রাতে ম্যানহাটনের প্রসিকিউটররা তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন। আদালত তার জামিন নামঞ্জুর করে পরবর্তী হাজিরার পূর্ব পর্যন্ত পেনসিলভেনিয়ার হান্টিংডন সিটির স্টেট কারেকশনাল ইনস্টিটিউশনে রাখা হয়েছে, সেখানে ১,৮৬৯ জন বন্দীর ধারণক্ষমতা রয়েছে। ব্লেয়ার কাউন্টির বিচারক লুইজির বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা, পরিচয়পত্র জালিয়াতি এবং অন্যান্য অভিযোগে প্রাথমিক বিচারের পর তার জামিন অস্বীকার করেন। পরবর্তী শুনানি হবে আগামী ২৩ ডিসেম্বর। তার বিরুদ্ধে নিউইয়র্কেও অভিযোগ আনা হতে পারে, যেখানে পুলিশ তাকে থম্পসনের হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছে।
লুইজি মেঞ্জোনে আইভি লীগ স্কুল হিসেবে পরিচিত ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ একাধিক ডিগ্রি নিয়েছেন। তিনি ২০২০ সালের মে মাসে ইঞ্জিনিয়ারিংয়ে বিএস এবং একই সময়ে মাস্টার্সে ডিগ্রি অর্জন করেন। তার মূল বিষয় ছিল কম্পিউটার সায়েন্স ও ম্যাথ। নিউইয়র্ক পুলিশ তাকে ব্রায়ান থমসন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন হিসেবে ছবি প্রকাশ করলে তার বন্ধুরা বিস্মিত হয়ে পরস্পর ফোনে কথা বলে এবং টেক্সট বিনিময় করে। নিউইয়র্ক পুলিশ ইতোমধ্যে লুইজি ম্যাঞ্জোনের ওপর বিস্তারিত তথ্য ও তার ছবি এবং অন্যান্য জিনিস তাদের হেফাজতে নিয়েছে। তারা জানিয়েছে যে, ম্যাঞ্জোনে মেরিল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন। সান ফ্রান্সিসকোতেও তার যোগসূত্র ছিল এবং সর্বশেষ ঠিকানা ব্যবহার করছিলেন হাওয়াই এর হনলুলু’র তার বিরুদ্ধে পুলিশের কাছে আগে অপরাধ কাজে জড়িত থাকার কোনো রেকর্ড নেই।
এনওয়াইপিডির গোয়েন্দা প্রধান জোসেফ কেনি বলেছেন, হত্যাকান্ডের অভিযোগের মুখোমুখি হতে তাকে পেনসিলভেনিয়া থেকে নিউইয়র্কে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, লুইজি ম্যাঞ্জোনের কাজে মনে হয় যে, কর্পোরেট আমেরিকার বিরুদ্ধে তার ক্ষোভ থেকে এ ধরনের একটি কাজে জড়িত হয়ে থাকতে পারেন। পুলিশ তার কাছ থেকে নিউ জার্সি’র একটি জাল পরিচয়পত্র উদ্ধার করেছে, যা তিনি নিউইয়র্ক সিটি হোস্টেলে অবস্থানে জন্য ব্যবহার করেছিলেন।
করপোরেটদের প্রতি ঘৃণা থেকেই বিমা কোম্পানির সিইওকে হত্যা!
স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসন হত্যার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআইয়ের যৌথ অভিযানে সোমবার (৯ ডিসেম্বর) পেনসিলভিনিয়ার অ্যাল্টুনায় লুইজি ম্যানজিওন গ্রেপ্তার হন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রেপ্তার লুইজি ম্যানজিওনের বয়স ২৬ বছর। তাকে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে একা বসে থাকতে দেখে সেখানকার একজন গ্রাহক ও কর্মচারী পুলিশকে খবর দেন। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার কাছে জানতে চায় তিনি সম্প্রতি নিউ ইয়র্কে ছিলেন কিনা। এতে তিনি ঘাবড়ে যান ও চুপ থাকেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তার ব্যাকপ্যাক তল্লাশি করে একটি কালো ঘোস্ট গান পেয়েছে। এগুলো হচ্ছে এমন অস্ত্র যা ভিন্ন ভিন্ন বন্দুকের অংশ জুড়ে তৈরি করা হয়, ফলে উৎস অনুসন্ধান করা সম্ভব হয় না। বন্দুকের সঙ্গে একটি সাইলেন্সার এবং গুলি ভর্তি ম্যাগাজিনও পাওয়া গেছে। এছাড়া তার কাছে থাকা পোশাক ও মাস্ক হত্যাকাণ্ডে ব্যবহৃত পোশাকের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সোমবার রাতে ম্যানজিওনকে অ্যাল্টুনার ব্লেয়ার কাউন্টি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও জালিয়াতির অভিযোগ উত্থাপন করা হয়। নিউ ইয়র্ক প্রসিকিউটররা তার বিরুদ্ধে হত্যাসহ চারটি আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগ এনেছেন। পেনসিলভানিয়ার প্রসিকিউটররা জানান, ম্যানজিওনের কাছে ভুয়া পরিচয়পত্র ও বড় অঙ্কের নগদ অর্থ ছিল। তাকে জামিন না দিয়ে আটক রাখা হয়। পুলিশ সন্দেহ করছে তিনি পালানোর পরিকল্পনা করছিলেন।
ব্রায়ান থমসনের হত্যাকান্ডে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড়
প্রায় দেড় কোটি প্রবীণসহ প্রায় তিন কোটি আমেরিকানকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যতম হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থমসনের হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। গত সপ্তাহের বুধবার সকাল সাতটার দিকে সিটির ম্যানহাটানে হিলটন মিডটাউন হোটেলের বাইরে তাকে গুলি করে হত্যা করার পর এক সপ্তাহ কেটে গেলেও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়া তারা সমালোচনার মুখে পড়েছে। এনওয়াইপিডি অবশ্য অজ্ঞাতপরিচয় এক সন্দেহভাজনের আরো দুটি নতুন ছবি প্রকাশ করেছে, একটিতে তাকে ঘটনার দিন একটি ট্যাক্সির পেছনের আসনে দেখানো হয়েছে। ছবিতে দেখা যায় নীল রঙের সার্জিক্যাল মাস্ক পরা লোকটি ট্যাক্সির জানালা দিয়ে সামনের দিকে উঁিক দিচ্ছে। অপর ছবিতে লোকটিকে মুখোশ পরে রাস্তায় হাঁটছে, তার গায়ে কালো রঙের জ্যাকেট এবং মাথান ওপর হুড টানা।
নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে মিনেসোটায় ইনকর্পোরেটেড এই মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসন গত সপ্তাহের বুধবার সকালে ম্যানহাটনে তিনি যে হোটেলে উঠেছিলেন তার কাছেই কোম্পানির বার্ষিক ইনভেস্টমেন্ট কনফারেন্সের অনুষ্ঠানস্থলে বিনিয়োগকারী সম্মেলনের ভেন্যুতে হেঁটে যাওয়ার সময় ঘাতকের গুলিতে নিহত হন। এনওয়াইপিডি’র কমিশনার জেসিকা টিশ বলেছেন যে ব্রায়ান থমসনের এ হত্যাকাণ্ড যে পূর্বপরিকল্পিত, পূর্বপরিকল্পিত, লক্ষ্যবস্তু আক্রমণ ছিল, তা ঘটনার প্রতিটি আলামত ও লক্ষণ থেকে স্পষ্ট। ঘটনাস্থলের কাছকাছি একটি স্টারবাক্স কফির সিসিটিভি ক্যামের ফুটেজে এনওয়াইপিডি গুলি করার আগে মাথায় হুড পরা সন্দেহভাজন ব্যক্তির ফুটেজ প্রকাশ করেছে। পুলিশ অফিসাররা বলেছেন যে পালিয়ে যাওয়ার সময় ঘাতক হয়তো গুরুত্বপূর্ণ কিছু আলামত ফেলে গেছে। পুলিশ এখনো হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে তদন্ত সম্পর্কে ধারণা আছে এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে যে, ইউনাইটেড হেলথকেয়ারের মূল সংস্থা, ইউনাইটেড হেলথ গ্রুপ তাদের উর্ধতন পর্যায়ে নির্বাহীদের বিরুদ্ধে হুমকির বিষয়ে জানতো।
নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভদের ধারণা ইউনাইটেড হেলথকেয়ার সিইও’কে গুলি করে হত্যাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তি যে অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করেছে তা বুঝা যায় তার ধীরগতিতে এবং কোনোদিকে না তাকিয়ে তার টার্গেটের প্রতি অখন্ড মনোনিবেশের ইঙ্গিত থেকে। তাদের মতে লোকটি আগ্নেয়াস্ত্রের লক্ষ্যস্থির করতে অভিজ্ঞ। তিনি সেমিঅটোমেটিক পিস্তল দিয়ে ২০ ফুট দূর থেকে তার টার্গেটে আঘাত করেছে। নিহত ব্রায়ন থমসনের পেছনে এবং পায়ে গুলি করা হয়েছে বলে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে।
পুলিশের মতে ঘাতকের পিস্তলে তিনবার গুলি আটকে গেলেও ঘাতক তা পরিস্কার করে টার্গেটের কাছাকাছি অবস্থান থেকে গুলি করেছে। পুলিশ আরো বলেছে যে, গুলিবর্ষণের ১৫ মিনিট পর ঘাতক ম্যানহাটান আপার ওয়েস্ট সাইডে একটি ট্যাক্সি নিয়ে আপটাউনে জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছে একটি বাস টার্মিনালে যায়। সেখানে থেকে তিনি হয়তো অন্য কোনো স্টেটগামী বাসে উঠে নিউইয়র্ক সিটি থেকে বের হয়ে গেছেন। পুলিশ ধারণা করছে যে হত্যাকাণ্ডটি নিউইয়র্ক সিটিতে ঘটলেও সিটির বাইরের কোনো বিষয় এর সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ অনুসন্ধান করতে চেষ্টা চালাতে যে ঘাতক কে এবং কী কারণে তিনি এত উঁচু পর্যায়ে একজন নির্বাহীকে হত্যা করতে প্ররোচিত হয়েছিলেন। ঘটনাস্থলের আশপাশের বহুসংখ্যক সার্ভেইলেন্স ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে লোকটির গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশ মোটামুটি নিশ্চিত হয়েছে যে, সন্দেহভাজন ঘাতক ১১ দিন ধরে নিউইয়র্ক সিটিতে অবস্থান করছিলেন। ২৪ নভেম্বর তিনি বাসযোগে আটলান্টা থেকে নিউইয়র্কে এসেছেন।
Posted ১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh