বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের করা মানহানি মামলা ১ কোটি ৫০ লাখ ডলারে নিষ্পত্তি করতে সম্মত হয়েছে এবিসি নিউজ। এর আগে এবিসি নিউজের এক তারকা সঞ্চালক একটি অনুষ্ঠানে ট্রাম্পকে বারবার ‘ধর্ষণের দায়ে অভিযুক্ত’ বলে উল্লেখ করেছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, জর্জ স্টেফানোপোলোস নামের ওই টিভি সঞ্চালক এ বছরের ১০ মার্চ ট্রাম্পকে সমর্থন দেয়া কংগ্রেসের এক নারী কর্মকর্তার সাক্ষাৎকার নেয়ার সময় বারবার উল্লেখ করছিলেন ট্রাম্প ধর্ষণের দায়ে অভিযুক্ত। তারপরেও কেন তিনি ট্রাম্পকে সমর্থন করছেন। গত বছর একটি দেওয়ানী মামলায় জুরিরা ট্রাম্পকে ‘যৌন নির্যাতনের’ জন্য অভিযুক্ত করেছিলেন। নিউইয়র্কের আইনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে।
এবিসি নিউজের ওমন মন্তব্যের বিরুদ্ধে ট্রাম্পের করা মানহানি মামলায় অর্থ দণ্ডের পাশাপাশি দুঃখ প্রকাশ করে বিবৃতিও প্রকাশ করতে হবে। বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের প্রথম মেয়াদের সময় যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও কলাম লেখক ই জা ক্যারল তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন।
ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯৬ সালে একটি দোকানে কেনাকাটা করার সময় পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তার সঙ্গে জোরজবরদস্তি করেছিলেন এবং তাকে যৌন নিপীড়ন করেছিলেন। ২০২৩ সালে নিউইয়র্কের একটি ফৌজদারি আদালত ট্রাম্পের বিরুদ্ধে করা ক্যারলের অভিযোগের সত্যতা খুঁজে পান। আদালত ক্যারলের সম্মানহানি করার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন।
উল্লেখ্য, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। আগামী জানুয়ারির ২০ তারিখ প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন তিনি এবং তার প্রশাসন।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh