বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
লেফটেন্যান্ট গভর্নর অ্যান্তোনিও ডেলগাডো।ছবি : সংগৃহীত
নিউইয়র্ক স্টেট গভর্নর পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন বর্তমান লেফটেন্যান্ট গভর্নর অ্যান্তোনিও ডেলগাডো। তিনি ২ জুন এক ভিডিও বার্তার মাধ্যমে ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বর্তমান গভর্নর ক্যাথি হোকুলকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
এলক্ষ্যে গত কয়েক মাসে তিনি স্টেটজুড়ে টাউন হল সভার আয়োজন করেছেন। যার মাধ্যমে তিনি তার রাজনৈতিক অবস্থান তুলে ধরার পাশাপাশি হাডসন ভ্যালির বাইরেও নিজের পরিচিতি বাড়ানোর চেষ্টা করেন। এসব টাউন হলের মাধ্যমে তিনি প্রগতিশীল সংগঠনগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেছেন।
নিউইয়র্ক ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি, সিটিজেন অ্যাকশন অফ নিউইয়র্ক এবং থার্ড অ্যাক্ট আপস্টেট ইতোমধ্যে তার উদ্যোগে সাড়া দিয়েছে বলে জানা গেছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডেলগাডোর এই সিদ্ধান্ত সময়ের দিক থেকে কিছুটা বিপজ্জনক। বর্তমান গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক রাজনীতিতে একজন শক্তিশালী নাম। যিনি ইতোমধ্যে ১৫.৫ মিলিয়নের ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছেন। অপরদিকে, ডেলগাডোর হাতে রয়েছে মাত্র ৯ লাখ ৭০ হাজার ডলার। যদিও তিনি রাজ্যের নতুন পাবলিক ক্যাম্পেইন ফাইন্যান্স প্রোগ্রামের অধীনে বাড়তি সহায়তা পেতে পারেন।সাম্প্রতিক সিয়েনা কলেজ জরিপ অনুযায়ী, ডেলগাডোর নাম অনেক ভোটারই চেনেন না।
হোকুল যেখানে ৪৬ শতাংশ ডেমোক্রেট ভোটারের সমর্থন পেয়েছেন। ডেলগাডো পেয়েছেন মাত্র ১২ শতাংশ। ফলে তার সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ।
এরই মধ্যে ডেলগাডোর বিরুদ্ধে হোকুলের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের সমর্থন প্রকাশ পেয়েছে। হাডসন ভ্যালির কংগ্রেসম্যান প্যাট রায়ান সামাজিক মাধ্যমে হোকুলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে লিখেছেন, তিনি কঠোর পরিশ্রমী, নীতিবান এবং প্রকৃত অর্থে একজন যোদ্ধা।
ডেলগাডোর ঘোষণাকে ঘিরে ডেমোক্রেটিক দলেও বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। দলের সাবেক চেয়ারম্যান বাসিল স্মাইকেল ডেলগাডোর সিদ্ধান্তকে ‘সময়ের আগে এবং ভেবে না-দেখা’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি সাবেক গভর্নর প্রার্থী টম সুওজ্জিও ডেলগাডোকে সাবধান করে বলেন, তুমি মেধাবী, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্ত নয়।’
এদিকে ২০২৬ সালের নির্বাচনে নতুন একটি নিয়ম প্রযোজ্য হচ্ছে, যেখানে গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর প্রার্থীদের প্রাইমারিতে যুগ্মভাবে লড়তে হবে।
আগের নিয়মে তারা আলাদাভাবে প্রার্থী হতেন এবং সাধারণ নির্বাচনে একসঙ্গে লড়তেন। হোকুল ও ডেলগাডোর দ্বন্দ্বের পরই এই নিয়ম পরিবর্তন করা হয়। এর ফলে, ডেলগাডো ও হোকুল-উভয়কেই এখন আলাদা করে তাদের রানিং মেট বেছে নিতে হবে।প্রসঙ্গত, নিউইয়র্কের গভর্নর পদের ডেমোক্রেটিক প্রাইমারি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৩ জুন।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh