বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৮ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছে যে দল, ব্যালন ডি’অরও পাওয়া উচিত সেই দলের কারও—এমনটাই মনে করেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৭ জুন (শনিবার) জার্মানির মিউনিখে সংবাদ সম্মেলনে ৪০ বছর বয়সী রোনালদো বলেন, ‘আমার মতে, যিনি এটা জিতবেন, তার দলকে অবশ্যই ট্রফি জিততে হবে। ব্যালন ডি’অর পাওয়া উচিত এমন খেলোয়াড়ের, যার দল চ্যাম্পিয়নস লিগ জিতেছে।’
আগামীকাল রবিবার নেশন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। এই ম্যাচের আগেই ব্যালন ডি’অর প্রসঙ্গে মত দিলেন রোনালদো। যিনি নিজে পাঁচবার এই পুরস্কার জিতেছেন। চলতি মৌসুমে পিএসজির উসমান দেম্বেলের অসাধারণ পারফরম্যান্স এবং ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে হারানোর পর অনেকেই মনে করছেন, এবার ব্যালন ডি’অর পাওয়া উচিত দেম্বেলের। অন্যদিকে, স্পেনের কিশোর তারকা লামিন ইয়ামালের অসাধারণ খেলা বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে ৫-৪ গোলে জয়ের ম্যাচেও নজর কেড়েছে। ইতিহাসের সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের সুযোগ তার সামনে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁও ব্যাক করছেন দেম্বেলেকে। তিনি বলেন, ‘উসমান যে মৌসুমটা কাটাচ্ছে, তাতে ওর প্রাপ্য ব্যালন ডি’অর। আমি এটাই চাই।’
ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও দেম্বেলের পক্ষে ভোট দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি না আমার ব্যাখ্যার দরকার আছে। সবাই লামিন আর দেম্বেলের কথা বলছে, তবে আমার ভোট দেম্বেলের।’
রোনালদো অবশ্য বলেন, ‘এই বছর কে ব্যালন ডি’অর জিতবে, আমি সেটা বলতে পারব না।’
রোনালদোর আগে ব্যালন ডি’অর সবচেয়ে বেশি (৮ বার) জিতেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দুই তারকাই ভাগাভাগি করে জিতেছেন এই পুরস্কার।
বর্তমানে ব্যালন ডি’অরের মালিক স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। এবার পুরস্কার কার হাতে ওঠে, সেটা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
Posted ১২:২০ অপরাহ্ণ | রবিবার, ০৮ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh