বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৬ জুন ২০২৫
আইশোস্পিড ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণের উদ্বোধনী ম্যাচে খেলা জমে উঠেছিল মাঠে ও মাঠের বাইরে। একদিকে গোলশূন্য লড়াইয়ে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি ও মিশরের জায়ান্ট আল আহলি, অন্যদিকে গ্যালারিতে জমে উঠেছিল এক অন্যরকম দৃশ্য।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো হঠাৎ করেই মঞ্চে ডাকলেন আমেরিকান কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডকে। জিজ্ঞেস করলেন, “ফিফা প্রেসিডেন্ট হতে চাও এক মিনিটের জন্য?”
তরুণ এই স্ট্রিমার সে প্রস্তাবে লুফে নিলেন সুযোগ। পাশে থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নিজ হাতে পরিয়ে দিলেন ফিফা প্রেসিডেন্টের ব্লেজার। মুহূর্তেই স্টেডিয়ামে হাস্যরসের রোল।
তবে মাঠের লড়াই ছিল রীতিমতো টানটান উত্তেজনার। গোল না হলেও, জমে উঠেছিল প্রতিটি মুহূর্ত। আল আহলির হয়ে একাধিকবার আক্রমণে উঠেছিলেন ত্রেজেগে ও ইমাম আশর, কিন্তু বাধা হয়ে দাঁড়ান ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি। প্রথমার্ধেই দারুণ এক পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি, যা পেয়েছিল জিজোর ওপর তেলাসকো সেগোভিয়ার ফাউলের সুবাদে।
একই সঙ্গে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় ফিলিস্তিনি স্ট্রাইকার ওয়েসাম আবু আলির একটি গোল।
অন্যদিকে, মেসিকে ঘিরে ছিল আলাদা উন্মাদনা। দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেন তিনি। ৬৪তম মিনিটে তাঁর ফ্রি-কিক পোস্ট ঘেঁষে সাইডনেটে লাগলে অনেক দর্শক ভেবে বসেন গোল হয়ে গেছে। যোগ করা সময়ে দুর্দান্ত এক কার্লিং শটেও লক্ষ্যভেদ করতে পারেননি আর্জেন্টাইন জাদুকর। ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেননি অভিজ্ঞ জর্দি আলবা ও মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট।
উপস্থিত ছিলেন বিখ্যাত সব অতিথিও—মায়ামির মালিক স্যার ডেভিড বেকহ্যাম, আর্সেনালের সাবেক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। মাঠে গোল না হলেও, স্টেডিয়ামের পরিবেশ ছিল প্রাণবন্ত। প্রথমার্ধে দাপট দেখালেও, দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফিরেছিল ইন্টার মায়ামি।
একদিকে তারকাখচিত উপস্থিতি, অন্যদিকে ফুটবলের সৌন্দর্য—মিলে গেছে সবকিছু। আর তার মাঝেই হাসির ফোয়ারা ছড়াল ‘এক মিনিটের প্রেসিডেন্ট’ আইশোস্পিড!
Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh