নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
‘টচবিয়ার্স অব ইসলাম, স্প্রেডিং দ্যা ফেইথ গ্লোবালী’ শ্লোগানে এবারের আয়োজিত হচ্ছে মুনা কনভেনশন-২০২৫। নর্থ-আমেরিকায় মুসলমানদের সর্ববৃহৎ এই কনভেনশন আগামী ৮, ৯ ও ১০ আগস্ট ৩ দিনব্যাপী পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ২০ হাজারের অধিক ধর্মপ্রাণ শশু-কিশোর-কিশোরী, নারী ও পুরুষরা এই কনভেনশনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। নিউইয়র্ক (ইউএনএ)
এগিয়ে চলছে সকল কনভেনশনের প্রস্তৃতি। মুনা’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ও কনভেনশন কমিটির চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ এসব তথ্য জানিয়েছেন। মুনা সূত্রে জানা গেছে, মূলত: ৮ আগষ্ট শুক্রবার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই কনভেশন শুরু হবে।
পরবর্তীতে ১০ আগষ্ট রোববার বিকেল ৫টায় কনভেনশনের সমাপ্তি ঘটবে। মাঝে শনিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে রাত এগারোটা পর্যন্ত। কনভেনশনের উল্লেখযোগ্য কর্মকান্ডের মথ্যে থাকবে একাধিক সেমিনার, শিশুদের বিভিন্ন রাইড, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজার, ইয়্যুথ প্রোগ্রাম, সিস্টার্স প্রোগ্রাম প্রভৃতি। কনভেনশনে যোগ দিতে আগ্রহীদের জন্য চলছে রেজিষ্ট্রেশন। স্থানীয় হোটেলে থাকার জন্য থাকছে বিশেষ ছাড়।
কনভেনশনে আমন্ত্রিত ইসলামিক স্কলারদের মধ্যে থাকবেন ড. ওমর সুলেইমান, ইমাম দেলোয়ার হোসাইন, সামী হামদী, মোহাম্মদ ইলসেনওয়ে, ড. আলতাফ হোসাইন, ইমাম টম ফ্যাকইন, হামজাহ আব্দুল মালিক, ইমাম সিরাজ ওহাজ, আসিফ হাইরানী, আব্দুল নাসির জাংদা প্রমুখ। এছাড়াও নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশ, যুক্তরাজ্য ও আফ্রিকার বিশিষ্ট ইসলামিক স্কলারগণ কনভেনশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আরমান চৌধুরী আরো জানান, কনভেনশনে শিশু-কিশোর, ইয়ুথ ও নারীদের জন্য আলাদা অনুষ্ঠান থাকবে। নতুন প্রজন্মের তরুণদের জন্য রোবটিক্স এআই এর মত অনুষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও তরুনী সিস্টার ও অ্যাডাল্ট ভাই-বোনদের জন্য থাকবে বিভিন্ন অনুষ্ঠান। এছাড়াও রোববার দিন ‘মেট্রোমোনিয়ল ডে’তে তরুণ ছেলে-মেয়েদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন তাদের ‘ম্যাচ মেকিং’ এর জন্য কিছু স্পেশাল পর্ব থাকবে। কলেজ পড়ুয়া বা বিভিন্ন চাকরিতে যুক্ত বিবাহযোগ্য ছেলে-মেয়েদের এই পর্বে যোগ দেয়ার সুযোগ থাকবে।
উল্লেখ্য, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা একটি অলাভজনক দাওয়াহ ভিত্তিক সমাজ সেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে প্রধান নগরী নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যে মুনা’র কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে।
মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংগঠিত করতে সদা সচেষ্ট। মুনা মুসলমানদেরকে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম চর্চার আহবান জানিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে। এছাড়া আমেরিকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সাথে মুনা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা’র ৮-৯-১০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য কনভেনশনে যারা যোগদান করতে চান বা কনভেনশন সম্পর্কে জানতে আগ্রহীদের সরাসরি মুনা অফিস-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। মুনা অফিসের ঠিকানা: ১০৩৩, গ্লেনমোর এভিনিউ, ব্রুকলীন, নিউইয়র্ক ১১২০৮। লগইন করুন : www.munaconvention.com
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh