বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
এমটিএ বোর্ড ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, জানুয়ারি থেকে নিউইয়র্ক সিটি সাবওয়ে এবং বাস ভাড়া ১০ সেন্ট বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে। বোর্ডের মাসিক সভায় গৃহীত অনুমোদন অনুসারে, সাবওয়ে ও লোকাল বাসের ভাড়া ২.৯০ ডলার থেকে বেড়ে ৩ ডলার হবে। একই সঙ্গে এক্সপ্রেস বাস, লং আইল্যান্ড রেল রোড (এলআইআরআর) এবং মেট্রো নর্থ রেল পরিষেবার ভাড়া ও টিকিট নীতিতেও পরিবর্তন আসছে। এই ভাড়া বৃদ্ধি কার্যকর হবে নতুন ডিজিটাল ট্যাপ-অ্যান্ড-গো পেমেন্ট সিস্টেম অমনি-র পূর্ণাঙ্গ চালুর সময়, যা ধীরে ধীরে পুরনো মেট্রোকার্ডকে প্রতিস্থাপন করবে।
সাবওয়ে, লোকাল বাস এবং অ্যাকসেস-এ-রাইড-এর ভাড়া বাড়ানো হচ্ছে ১০ সেন্ট করে। অর্থাৎ, নতুন ভাড়া হবে ৩ ডলার। রিডিউসড ফেয়ার যাত্রীদের জন্য ভাড়া হবে ১.৫০ ডলার।
এর পাশাপাশি স্বয়ংক্রিয় সাত দিনের ফেয়ার ক্যাপ স্থায়ীভাবে কার্যকর হচ্ছে। যাত্রীরা এক সপ্তাহে ১২ বার যাত্রার টাকা দিলে পরবর্তী ভ্রমণগুলো ফ্রি হয়ে যাবে। ফলে, কোনো যাত্রী ৩৫ ডলারের বেশি সাপ্তাহিক খরচ করবেন না, আর রিডিউসড ভাড়া গ্রাহকদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ১৭.৫০ ডলার। এক্সপ্রেস বাস ভাড়া ২৫ সেন্ট বেড়ে হবে ৭.২৫ ডলার এবং হাফ ভাড়া হবে ৩.৬০ ডলার। এক্সপ্রেস বাসের জন্যও নতুন ক্যাপ চালু হচ্ছে, যাতে সাপ্তাহিক খরচ ৬৭ ডলারের বেশি হবে না। একই সাথে সিঙ্গেল রাইড টিকিটের দাম ৩.২৫ ডলার থেকে বাড়িয়ে ৩.৫০ ডলার করা হবে। আর নতুন অমনি কার্ড কেনার ফি ১ ডলার থেকে বেড়ে ২ ডলার হবে। ২০২৬ সালের শেষ দিকে মেট্রোকার্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
কমিউটার রেল পরিসেবা, অর্থাৎ লং আইল্যান্ড রেল রোড ও মেট্রো নর্থ-এ মাসিক ও সাপ্তাহিক টিকিটের দাম গড়ে ৪.৫ শতাংশ বাড়ানো হবে। তবে মাসিক টিকিটের দাম ৫০০ ডলারের বেশি হবে না। একমুখী টিকিটের দাম সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত বাড়বে।
নিউইয়র্ক সিটি জোনে জনপ্রিয় সিটি টিকিটের দাম ২৫ সেন্ট বৃদ্ধি পাবে। পিক আওয়ারে ভাড়া হবে ৭.২৫ ডলার এবং অফ-পিক সময়ে ৫.২৫ ডলার। একইভাবে ফার রকঅ্যাওয়ে টিকিটের দামও সমন্বয় করা হবে। শহরের ভেতরে যেকোনো ওয়ান-ওয়ে টিকিটের দাম সিটি টিকিটের সমান রাখা হবে। ফলে, কেউই পিক আওয়ারে ৭.২৫ ডলার বা অফ-পিক সময়ে ৫.২৫ ডলারের বেশি দেবেন না। সিটি টিকিট এবং ফার রকঅ্যাওয়ে টিকিট স্থায়ী ভাড়া পণ্য হিসেবে বহাল থাকবে।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh