নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
আগামী নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। তাই কোন প্রকার অপপ্রচার বা বিভ্রান্তিতে কান না দিয়ে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্র্যট প্রার্থী জোহরান মামদানি। তিনি বলেন, সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোকে গত নির্বাচনে পরাজিত করেছি। তবুও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তিনি আমাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে চান। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের লক্ষ্য অর্জন করবো।

গত ৮ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ (জেবিবিএ) ও ‘বাংলাদেশিজ ফর জোহরান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে উপস্থিত থেকে এই বক্তব্য প্রদান করেন। এ সময় জোহরান মামদানি আরো বলেন, নিউইয়র্ক সিটিকে সবার জন্য বসবাসযোগ্য একটি শহরে পরিণত করাই আমাদের স্বপ্ন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই নগরে কঠোর পরিশ্রমী অভিবাসীসহ সবার জন্য ন্যায়সঙ্গত সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এই শহরকে স্বপ্নের শহরে পরিণত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান ও দক্ষিণ এশীয় ভোটারদের দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদের সভাপতিত্বে সমাবেশে শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘বাংলাদেশিজ ফর জোহরান’-এর সদস্য-সচিব আব্দুস সোবহান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ইমাম শামসে আলী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার প্রমূখ। এ সময় অতিথি হিসেবে মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক সেক্রেটারি মোহাম্মদ আলী ও সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল ইসলাম, আবাসন ব্যবসায়ী নুরুল আজিম প্রমুখ।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh