বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
এমএলএস কাপ প্লে অফের তৃতীয় ম্যাচে ন্যাশভিলকে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ছবি: এক্স
বর্নাঢ্য ক্যারিয়ারে অনেক রেকর্ড ধরা দিয়েছে লিওনেল মেসির হাতে। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে এসে আরও একটি রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার। তাঁর রেকর্ডের দিনে ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে অফের কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।
এমএলএস কাপ প্লে অফের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে ন্যাশভিলকে ৪–০ গোল উড়িয়ে দিয়েছে মায়ামি। জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় ফ্লোরিডার ক্লাবটি। প্রথম দুই ম্যাচ শেষে ১–১ সমতায় থাকায় শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছিল। এমন সমীকরণে শেষ হাসি হাসল মায়ামি।
ক্যারিয়ারের সায়াহ্নে এসেও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন মেসি। ন্যাশভিলের বিপক্ষেও দেখা গেল তেমন চিত্র। মায়ামিকে সেমিফাইনালে নিতে সামনে থেকে নেতৃত্ব দেন দশ নম্বর জার্সিধারী। দুটি গোল করেন তিনি। এছাড়া সতীর্থ তাদেই আলেন্দেকে দিয়েও একটি গোল করান। এটা মেসির ক্যারিয়ারের ৪০০ তম অ্যাসিস্ট।
পেশাদার ফুটবলে খেলা চালিয়ে যাচ্ছেন এমন কারও এই কীর্ত নেই। সব মিলিয়ে তালিকার শীর্ষে আছেন ফেরেঙ্ক পুসকাস। ৪০৪টি অ্যাসিস্ট আছে হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলারের নামের পাশে। পুসকাসকে পেছনে ফেলে শীর্ষে উঠা মেসির জন্য কেবল সময়ের ব্যাপার।
চেজে স্টেডিয়ামে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি মায়ামি। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে প্রতিপক্ষের চার ডিফেন্ডারের বাধা পেরিয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান মেসি। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক পিএসজি তারকা। ৭৩ মিনিটে স্কোরলাইন ৩–০ করেন আলেন্দে। জর্দি আলবার বাড়ানো বল থেকে ঠিকানা খুঁজে নেন এই আর্জেন্টাইন উইঙ্গার। তিন মিনিট পর মেসির রেকর্ডগড়া অ্যাসিস্ট থেকে ব্যবধান বাড়ান আলেন্দে।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh