বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
জোহরান মামাদানি। ছবি : সংগৃহীত
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের পর ইসলামোফোবিয়া ও ফিলিস্তিনবিরোধী বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আগামী সপ্তাহে দায়িত্ব নেয়ার আগেই তিনি বলেন, নিউইয়র্ক শহরের প্রতিটি মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান দায়িত্ব।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় মামদানি বলেন, ‘মেয়র হিসেবে আমি সব নিউইয়র্কবাসীকে লালন করব, রক্ষা করব ও উদযাপন করব এবং প্রতিটি ক্ষেত্রে ইসলামোফোবিয়া ও ফিলিস্তিনিবিরোধী বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করব।’
এক ফিলিস্তিনি শিক্ষার্থীর সঙ্গে তার কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরে এই মন্তব্য করেন মামদানি। অনলাইনে হয়রানি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছিলেন ওই শিক্ষার্থী। মামদানি জানান, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তফা খারবুচকে একটি ছবির কারণে টার্গেট করা হয়, যেখানে তাকে কেফিয়া পড়া অবস্থায় দেখা যায়। ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিছু ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী ব্যক্তি তাকে প্রাণঘাতী গুলিবর্ষণের এক ঘটনার সঙ্গে মিথ্যাভাবে দায়ী করে। এর ফলেই তার বিরুদ্ধে ইসলামোফোবিয়া ও ফিলিস্তিনিবিরোধী বর্ণবাদী আক্রমণ শুরু হয়।
নবনির্বাচিত মেয়রের ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিনি পরিচয়ই ছিল মুস্তফাকে হুমকির মূল কারণ। ফোনালাপে মুস্তফা তার পড়াশোনা, আন্তর্জাতিক সম্পর্ক ও নৃতত্ত্বে আগ্রহ, নিউইয়র্ক সিটিতে তার ইন্টার্নশিপ এবং ভবিষ্যতে পিএইচডি করার পরিকল্পনার কথাও মামদানিকে জানান। মামদানি বলেন, ‘আমি মুস্তাফাকে বলেছি, আমরা তাকে আবার নিউইয়র্ক সিটিতে পেতে চাই।’
প্রসঙ্গত, সম্প্রতি জোহরান মামদানি নিউইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আগামী ১ জানুয়ারি, নববর্ষের দিনে আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন মামদানি।
সূত্র : আনাদোলু
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh