বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের গণপরিবহনে দীর্ঘদিনের পরিচিত ভাড়া পরিশোধ ব্যবস্থা মেট্রোকার্ডের অধ্যায় শেষ হতে যাচ্ছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে নিউইয়র্কের গণপরিবহন কর্তৃপক্ষ মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) আর নতুন মেট্রোকার্ড বিক্রি করবে না। এর বদলে যাত্রীদের ব্যবহার করতে হবে কন্টাক্টলেস ভাড়া পরিশোধ ব্যবস্থা ওএমএনওয়াই। তবে বর্তমানে ব্যবহৃত মেট্রোকার্ডগুলো আপাতত চালু থাকবে। এগুলোর শেষ ব্যবহারযোগ্য তারিখ পরে জানানো হবে।
নিউইয়র্কের গণপরিবহনে ভাড়া পরিশোধের ইতিহাস বেশ পুরনো। ১৯৫৩ সাল পর্যন্ত সাবওয়েতে ভাড়া দেয়া হতো ধাতব টোকেনের মাধ্যমে। পরে গত শতকের নব্বইয়ের দশকে মেট্রোকার্ড চালু হয়। কার্ডটির মাধ্যমে নির্দিষ্ট ভাড়ার পাশাপাশি মাসিক বা সীমাহীন যাত্রার সুবিধা পাওয়া যেত। কার্ড ব্যবহারের মাধ্যমে বাস বা সাবওয়েতে ঝামেলাহীন বদলি যাত্রার সুযোগ মিলত, যা যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
এমটিএ জানিয়েছে, মেট্রোকার্ড বন্ধ করে ওএমএনওয়াই পুরোপুরি চালু করলে বছরে প্রায় ২ কোটি ডলার সাশ্রয় সম্ভব হবে। কার্ড উৎপাদন, ভেন্ডিং মেশিন রক্ষণাবেক্ষণ এবং নগদ অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার খরচ কমবে।
ওএমএনওয়াই ব্যবস্থায় স্মার্টফোন, স্মার্টওয়াচ, ব্যাংক কার্ড কিংবা আলাদা ওএমএনওয়াই কার্ড ব্যবহার করে টার্নস্টাইলে শুধু ট্যাপ করলেই ভাড়া পরিশোধ করা যাবে। তবে মেট্রোকার্ড থেকে ওএমএনওয়াই ব্যবস্থায় রূপান্তর নিয়ে সমালোচনাও হচ্ছে। নগদ অর্থ ব্যবহার করেন এমন যাত্রীদের আশঙ্কা, ভবিষ্যতে নগদ লেনদেন পুরোপুরি বন্ধ হলে ব্যাংক হিসাব বা কার্ড না থাকা মানুষ পরিবহন ব্যবস্থার বাইরে পড়ে যেতে পারে।
এ বিষয়ে এমটিএ মন্তব্য করতে রাজি হয়নি। এমটিএর চিফ কাস্টমার অফিসার শানিফা রিয়েরা বলেন, ‘মেট্রোকার্ড যে নিউইয়র্ক সিটির একটি আইকনিক প্রতীক হিসেবে থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ট্যাপ অ্যান্ড গো ভাড়া পরিশোধ ব্যবস্থা দৈনন্দিন যাত্রী ও পর্যটকদের জন্য বড় পরিবর্তন এনে দিয়েছে। এতে কোন ভাড়া প্যাকেজ সবচেয়ে সাশ্রয়ী হবে, তা নিয়ে আর আন্দাজ করতে হয় না। পাশাপাশি নিউইয়র্কের গণপরিবহন ব্যবস্থাও ব্যবহার করা অনেক সহজ হয়ে উঠেছে।’
Posted ১২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh