বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) আয়কর রিটার্ন মৌসুম শুরুর তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জানুয়ারি, সোমবার থেকে করদাতারা ২০২৫ করবর্ষের ফেডারেল আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।আইআরএস-এর ধারণা, চলতি বছর প্রায় ১৬৪ মিলিয়ন ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা পড়বে, যার অধিকাংশই ইলেকট্রনিক পদ্ধতিতে দাখিল করা হবে।
চলতি কর মৌসুমে ট্রাম্প প্রশাসনের আলোচিত ‘ওয়ান, বিগ, বিউটিফুল বিল’-এর আওতায় একাধিক নতুন কর বিধান কার্যকর হচ্ছে। এসব বিধানের ফলে করের হার, করছাড় ও কর কর্তনে পরিবর্তন আসতে পারে। এতে অনেক করদাতার ক্ষেত্রে করের বোঝা কমতে পারে এবং রিফান্ডের পরিমাণ বাড়তে পারে। আইআরএস ইতোমধ্যে এসব নতুন বিধান নিয়ে বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা প্রকাশ করেছে।
আইআরএস জানিয়েছে, এ বছর ফ্রি ফাইল প্রোগ্রাম আগেভাগেই চালু করা হচ্ছে। যেসব করদাতার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম (এজিআই) ৮৪ হাজার ডলার বা তার কম, তারা আগামী ৯ জানুয়ারি থেকে বিনামূল্যে এই প্রোগ্রামের মাধ্যমে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন।এছাড়া, যারা নিজেরা কর প্রস্তুত করতে চান, তারা ২৬ জানুয়ারি থেকে আইআরএস ফ্রি ফাইল ফিলেবল ফর্মস ব্যবহার করতে পারবেন। এই ফ্রি ফাইল ফিলেবল ফর্মস আয়ের পরিমাণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে।
Posted ১২:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh