বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বেকারত্ব ভাতার জন্য নতুন আবেদনের সংখ্যা সাম্প্রতিক সপ্তাহে কমলেও দেশটির শ্রমবাজার এখনো অস্থির ও ধীরগতির মধ্যেই রয়েছে। অর্থনীতিবিদদের মতে, বর্তমান পরিস্থিতি মূলত ‘কম নিয়োগ, কম ছাঁটাই’-এমন এক স্থবির অবস্থাকে নির্দেশ করছে। খবর : রয়টার্স।
মার্কিন শ্রম মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে নতুন বেকারত্ব ভাতার আবেদন আগের সপ্তাহের তুলনায় ৯ হাজার কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজারে। এটি অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে বিশেষজ্ঞরা বলছেন, বছরের শুরুতে ও ছুটির মৌসুমের পরপরই কর্মসংস্থানসংক্রান্ত পরিসংখ্যানে কারিগরি অসামঞ্জস্য দেখা দেয়, যার ফলে প্রকৃত চিত্র পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে।
বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে শ্রমবাজার এখন স্থিতিশীল থাকলেও নতুন চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে ধীরগতিতে। কঠোর বাণিজ্য ও অভিবাসন নীতির কারণে কর্মী সরবরাহ যেমন কমেছে, তেমনি অনিশ্চয়তার কারণে অনেক প্রতিষ্ঠান নতুন নিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের ফলে অনেক কোম্পানি স্বয়ংক্রিয় ব্যবস্থার দিকে ঝুঁকছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিকে আরও সীমিত করছে।
ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক ‘বেজ বুক’ প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের হার প্রায় অপরিবর্তিত ছিল। অনেক প্রতিষ্ঠান স্থায়ী কর্মীর পরিবর্তে খণ্ডকালীন বা অস্থায়ী কর্মী নিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে, যাতে অনিশ্চিত পরিস্থিতিতে ব্যবসা পরিচালনায় নমনীয়তা বজায় থাকে।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ৫ লাখ ৮৪ হাজার, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদদের আশঙ্কা, এ ধারা অব্যাহত থাকলে চাকরি-প্রার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
এই প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, শ্রমবাজারে গতি ফেরাতে ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদহার কমানোর পথ বেছে নিতে পারে। যদিও চলতি সময়ে সুদহার অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি, তবে বছর জুড়ে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা।
Posted ৪:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh