স্পোর্টস ডেস্ক : | শুক্রবার, ২৬ জুন ২০২৬
বিশ্বকাপ ট্রফি ও বল। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে মার্কিন মুলুকে জয়ী ফুটবল! দর্শকসংখ্যার নিরিখে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলল চলতি বিশ্বকাপ। এখনও শেষ হয়নি মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্ব। কিন্তু ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক মাঠে গিয়ে বিশ্বকাপ দেখে ফেলেছেন। ফিফার পক্ষ থেকে জানানো হয়, সবচেয়ে বেশি দর্শকসংখ্যার রেকর্ড তৈরি হয়েছে চলতি বিশ্বকাপে। ৩৬ লক্ষেরও বেশি দর্শক মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করেছেন।
বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক সমাগমের নজির ছিল আমেরিকাতেই। ১৯৯৪ বিশ্বকাপে ৩৫ লক্ষ ৮৭ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছিলেন। ৫২ ম্যাচের বিশ্বকাপ তুমুল জনপ্রিয় হয়েছিল মার্কিন মুলুকে। তারপর থেকে একাধিকবার বিশ্বকাপের আসর বসলেও, আমেরিকার সেই জনপ্রিয়তা অটুট থেকেছে। এবার নিজেদের রেকর্ডই ভেঙে দিল আমেরিকা। এবার বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ খেলা হবে। তবে ৪৮টি ম্যাচ বাকি থাকতেই সর্বাধিক দর্শকসংখ্যার নজির গড়ল ২০২৬ বিশ্বকাপ।
তবে এবারের মেগা টুর্নামেন্ট শুরুর আগে একরাশ প্রশ্ন ছিল। একাধিক দেশের আমজনতার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। নিষিদ্ধ তালিকাভুক্ত দেশের নাগরিক হওয়ার দরুণ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এক রেফারিকেও। ইরান, সেনেগাল, আইভরি কোস্ট এবং হাইতির সমর্থকদের অধিকাংশ বিশ্বকাপ দেখার ভিসা পাননি। রাজনৈতিক সমস্যার পাশাপাশি প্রশ্ন উঠেছিল মার্কিন মুলুকের অগ্নিমূল্য। খেলার টিকিট থেকে শুরু করে বাস-ট্রেনের ভাড়া, খাবারের দাম-সমস্ত কিছুই আকাশছোঁয়া।
যাবতীয় চ্যালেঞ্জ সামলেও বিশ্বকাপ দেখতে ভিড় জমিয়েছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। বৃহস্পতিবার গভীর রাতে জার্মানি বনাম ইকুয়েডর ম্যাচ চলাকালীনই ফিফার পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপে দর্শকসংখ্যার নিরিখে রেকর্ড তৈরি হয়েছে। এখনও পর্যন্ত মাঠে বসে খেলা দেখেছেন ৩৬ লক্ষ ৫ হাজারের বেশি মানুষ। অধিকাংশ ক্ষেত্রেই ৯৯ শতাংশ ভর্তি থেকেছে স্টেডিয়াম। আগামী দিনে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হলে দর্শকসংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী ফিফা। ৪০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে এবারের বিশ্বকাপের দর্শকসংখ্যা, এমনটাই অনুমান।
Posted ৯:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh