বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সিটির হাউজিং ভাউচার নিয়ে গত চারদিন যাবত সিটি কাউন্সিলে উত্তপ্ত বিতর্কের পর মেয়র জোহরান মামদানি এবং তাঁর চরম প্রতিদ্বন্দ্বী কাউন্সিল স্পিকার জুলি মেনিনের মধ্যে বিরোধ নিস্পত্তির কাছাকাছি উপনীত হয়েছে বলে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
মেয়র ও স্পিকারের বিরোধের কারণে নিউইয়র্ক সিটির ১২৫ বিলিয়ন ডলারের বাজেট পাস আটকে ছিল। মেয়র মামদানির সমর্থকরা হাউজিং ভাউচারকে ব্যয়বহুল বিবেচনা করে এ কর্মসূচি অনুমোদন করার বিরোধিতা করে আসছিলেন। তুলনামূলকভাবে মধ্যপন্থী কাউন্সিল স্পিকার জুলি মেনিন হাউজিং ভাউচার কর্মসূচি সম্প্রসারণ করে শুধু স্বল্প আয়সম্পন্ন সিটিবাসীর জন্য নয়, উচ্ছেদের মুখে থাকা ভাড়াটিয়াকেও সহায়তা করার পক্ষে অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে, সোস্যালিস্ট ডেমোক্র্যাট মামদানি সিটি বাজেটে ব্যয় সংকোচন নীতির পক্ষে বক্তব্য রেখে আসছেন।
গত সোমবার রাতে প্রায় ১২৫ বিলিয়ন ডলারের বাজেট পাসের নির্ধারিত সময়সীমার মাত্র একদিন আগে এই বিরোধ সমাধানের পথে যাচ্ছে বলে মনে হয়েছে, যার ফলে মাধ্যমে মেয়র-স্পিকার দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের অবসান ঘটবে। উভয় পক্ষ সিটি কাউন্সিল ফ্লোরে বিরোধ নিস্পত্তির চেষ্টার পরিবর্তে মামদানি ও মেনিনের পাশাপাশি মেয়র ও স্পিকারের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি বৈঠকের মাধ্যমে বিরোধ মিমাংসার পক্ষে। অবশ্য গুরুত্বপূর্ণ কাউন্সিল সদস্যরা ইতোমধ্যে মেয়রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে যে, মেয়রের এই বিরোধিতা কর্মজীবী নিউইয়র্কবাসীদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণের মূল লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হতে পারে। তবে মামদানি নিজেকে এমন একজন বাস্তববাদী হিসেবেও তুলে ধরেছেন। কারণ তিনি ভালোভাবে জানেন যে দেশের বৃহত্তম সিটির প্রশাসন পরিচালনার ক্ষেত্রে তাঁর প্রতিটি পদক্ষেপ ডেমোক্রেট ও রিপাবলিকান সংশয়বাদীদের দৃষ্টিসীমার মধ্যে রয়েছে।
তাঁদের অনেকে এখনও সন্দিহান যে, ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোস্যালিস্ট মামদানি যুক্তরাষ্ট্রের আর্থনৈতিক রাজধানী কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন কি না। এ পরিস্থিতিতে গত উইকএন্ড বাজেট নিয়ে বিরোধে এক ধরনের ভূমিকাগত পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেখানে সাশ্রয়ী বাজেটের নামে মেয়র মামদানিকেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে কাউন্সিল স্পিকার জুলি মেনিন হাউজিং ভাউচার কর্মসূচির সম্প্রসারণের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেছেন।
হাউজিং ভাউচার কর্মসূচি সিটির বিতর্কের কেন্দ্রে রয়েছে, যার মাধ্যমে হোমলেস নিউইয়র্কবাসীদের জন্য প্রতিনিয়ত বেড়ে চলা বাড়িভাড়ার চাপ কমাতে সহায়তামূলক হাউজিং ভাউচার, যেটি ‘সিটি ফাইটিং হোমলেসনেস অ্যান্ড ইভিকশন প্রিভেনশন সাপ্লিমেন্ট’, যে কর্মসূচির আওতায় যোগ্য নিউইয়র্কবাসীদের ভাড়ার একটি অংশ সিটি কর্তৃক পরিশোধ করা হয়।
‘সিটিজেনস বাজেট কমিশন’ এর তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে হাউজিং ভাউচার কর্মসূচির ব্যয় ২৫ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সিটি কাউন্সিল প্রতিবছর অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার সিটির ব্যয় বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল।
অন্যদিকে, মেয়রের অফিস ১৭৫ মিলিয়ন ডলার বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যার মধ্যে ৫০ মিলিয়ন ডলার আসবে সিটি কাউন্সিলের স্বেচ্ছাধীন তহবিল থেকে। সোমবার রাত পর্যন্ত উভয় পক্ষ এমন একটি সমঝোতার কাছাকাছি পৌঁছায়, যাতে মামদানির প্রশাসন বছরে ১২৫ মিলিয়ন ডলার ব্যয় করবে।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh