বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থায় চলতি বছরের শুরুতে অপরাধের হার আবারও বাড়তে শুরু করেছে। এতে নিয়মিত যাত্রীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে সাবওয়ে ও বাস নেটওয়ার্কে বড় ধরনের অপরাধ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত বছরের একই সময়ে যেখানে বড় অপরাধের সংখ্যা ছিল ২১০টি, সেখানে চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬-এ। ডাকাতির ঘটনা বেড়েছে সবচেয়ে বেশিÑ৫৮ শতাংশ। শারীরিক লাঞ্ছনা বা হামলার ঘটনাও বেড়েছে ৯ শতাংশ।
গত ১০ ফেব্রুয়ারি ব্রঙ্কসের ১৭০ স্ট্রিটে বি ও ডি লাইনের প্ল্যাটফর্মে ৪১ বছর বয়সী আদ্রিয়ান দাওয়োদু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক পর্যায়ে বাকবিতণ্ডার পর বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ ২৭ বছর বয়সী আলবার্তো ফ্রিয়াসকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
নিয়মিত যাত্রীদের অনেকে এই পরিস্থিতির জন্য মাদকাসক্তি, গৃহহীনতা এবং মানসিক স্বাস্থ্য সংকটকে দায়ী করছেন। টাইমস স্কোয়ার-৪২ স্ট্রিট স্টেশনে এ যাতায়াতকারী ৭৪ বছর বয়সী মাইকেল ফোর্ড বলেন, “এখানে অনেক মানুষ মানসিক সমস্যা ও মাদক নিয়ে ঘোরাফেরা করছে। আমি নিয়মিত সাবওয়ে ব্যবহার করি, তাই এই পরিবেশ মোটেও স্বস্তিদায়ক নয়।” যাত্রীদের একাংশ প্রশাসনের কাছে আন্ডারগ্রাউন্ডে পুলিশি উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর দাবি জানিয়েছেন।
এনওয়াইপিডি বলছে, চলতি ফেব্রুয়ারির তীব্র শীতও অপরাধ বৃদ্ধির একটি কারণ হতে পারে। তাদের মতে, প্রচণ্ড ঠান্ডায় অনেক গৃহহীন ব্যক্তি সাবওয়ে স্টেশন ও ট্রেনে আশ্রয় নেন, যা সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করে।
পুলিশের এক মুখপাত্র জানান, ১৭ শতাংশ বৃদ্ধির অর্থ গড়ে প্রতিদিন প্রায় ছয়টি বড় অপরাধের ঘটনা ঘটছে। তবে কর্তৃপক্ষের দাবি, ২০২৬ সালের জানুয়ারি মাস ঐতিহাসিকভাবে তুলনামূলকভাবে নিরাপদ ছিল। এদিকে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান সাম্প্রতিক তীব্র শীতের কারণে সাবওয়ে থেকে উচ্ছেদ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১০০ জন পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh