নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) ঈদুল ফিতর উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত অসচ্ছল মুসলিমদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে। প্রবাস জীবনের কঠিন বাস্তবতায় অনেকেই অনিয়মিত আয়, কর্মসংস্থানের অভাব কিংবা বৈধ কাগজপত্র না থাকার কারণে সরকারি সহায়তা থেকে বঞ্চিত- ফলে ঈদের আনন্দ অনেক পরিবারের জন্য হয়ে ওঠে উদ্বেগের কারণ।এই প্রেক্ষাপটে জেএমসি জানিয়েছে, আর্থিক সংকটে থাকা ব্যক্তি ও পরিবারগুলোর পাশে দাঁড়াতে তারা প্রস্তুত। প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী কিংবা নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, আমেরিকার মতো দেশে থেকেও অনেক মানুষ আর্থিক কষ্টে জীবনযাপন করেন। ঈদের সময় এই কষ্ট আরও তীব্র হয়ে ওঠে। কোনো পরিবার যেন শুধুমাত্র অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়Ñএটাই আমাদের লক্ষ্য।
তিনি জানান, সহায়তার ধরন নির্ভর করবে প্রাপকের প্রয়োজনের ওপর। কেউ খাদ্য সহায়তা পাবেন, আবার কেউ পেতে পারেন আর্থিক সহায়তা।
এ উদ্যোগ সফল করতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেএমসি। আগ্রহীরা সংগঠনের মাধ্যমে অনুদান দিতে পারবেন, যা স্বচ্ছতার সঙ্গে অভাবগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া ঈদুল ফিতরের ফিতরা সংগ্রহ কার্যক্রমও শুরু করেছে সংগঠনটি। চলতি বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার, যা ঈদের দিন পর্যন্ত গ্রহণ করা হবে। পরবর্তীতে এই অর্থ অসহায়দের মধ্যে বিতরণ করা হবে। যদিও বৃহৎ পরিসরে খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে, তবে তা এখনো পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। তবুও সীমিত সামর্থ্যের মধ্যেই যত বেশি সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জেএমসি।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh