বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আলোচনা করতে চাইলে ইরানিরা আমাদের ফোন করতে পারে : ট্রাম্প

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

আলোচনা করতে চাইলে ইরানিরা আমাদের ফোন করতে পারে : ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা ফোন করতে পারে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এর আগে তেহরান জানিয়েছিল, একটি চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে নৌ–অবরোধসহ অন্যান্য বাধাগুলো তুলে নিতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প তাঁর দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন। এতে দুই দেশের মধ্য সমঝোতার আশা আরও ফিকে হয়ে যায়। ইরানিরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করবে না এমন অবস্থান ব্যক্ত করার পর ট্রাম্প এই সফর বাতিল করেন।

পরে, গতকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যস্থতাকারী পাকিস্তান ও ওমান সফর করেন এবং পরে রাশিয়ায় যান। সেখানে তাঁর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘তারা (ইরান) যদি কথা বলতে চায়, তারা আমাদের কাছে আসতে পারে, অথবা ফোন করতে পারে। আপনারা জানেন, ফোন বলে একটা জিনিস আছে। আমাদের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘তারা জানে চুক্তিতে কী থাকতে হবে। বিষয়টা খুবই সহজ: তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, নইলে বৈঠকের কোনো অর্থ নেই।’

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক অজ্ঞাত মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে। এতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের অবসানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আর পারমাণবিক আলোচনা পরে করার কথা বলা হয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইরান দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। তেহরান বলছে, এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে পশ্চিমা শক্তিগুলো মনে করে এটি পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেই করা হচ্ছে। যদিও সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া পূর্ণমাত্রার সংঘর্ষ থামালেও যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। এই সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছে, তেলের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ায় যাওয়ার আগে আরাগচি ওমানে বৈঠক শেষে আবার ইসলামাবাদে ফেরেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তিনি ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল–সাইদের সঙ্গে প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা করেন এবং বাইরের হস্তক্ষেপমুক্ত একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বান জানান। আরাগচি এক্সে লিখেন, তাঁর ওমান সফরের আলোচনায় ‘সবার স্বার্থে নিরাপদ নৌপথ নিশ্চিত করার উপায়’ অন্তর্ভুক্ত ছিল।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল ‘হরমুজ প্রণালিতে নতুন আইনি কাঠামো প্রয়োগ, ক্ষতিপূরণ গ্রহণ, যুদ্ধপ্রবণ শক্তির নতুন করে সামরিক আগ্রাসন না করার নিশ্চয়তা এবং নৌ অবরোধ প্রত্যাহার।’

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক্সে জানান, আরাগচি পুতিনের সঙ্গে বৈঠক করবেন ‘দেশের স্বার্থ এগিয়ে নিতে কূটনৈতিক জিহাদের ধারাবাহিকতায় এবং বহিরাগত হুমকির প্রেক্ষাপটে।’ তিনি বলেন, ‘স্বাধীনতা ও ন্যায়বিচারকামী দেশগুলোর বিরুদ্ধে বিশ্বের একচ্ছত্রবাদী শক্তির অভিযানের মুখে ইরান ও রাশিয়া ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে, পাশাপাশি এমন দেশগুলোর পক্ষেও যারা একতরফাবাদ ও পশ্চিমা আধিপত্যমুক্ত বিশ্ব চায়।’

শনিবার ট্রাম্প বলেন, অতিরিক্ত ভ্রমণ ও ব্যয়ের কারণে তিনি তার দূতদের সফর বাতিল করেছেন, কারণ তার মতে ইরানের প্রস্তাব যথেষ্ট নয়। তিনি বলেন, ‘ইরান অনেক কিছু প্রস্তাব দিয়েছে, কিন্তু যথেষ্ট নয়।’

Posted ১১:০১ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.