রংপুর : | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং এসআইসিআইপি (ঝওঈওচ) প্রকল্পের নির্বাহী পরিচালক মোঃ ওয়ালিদ হোসেন-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গত ৬ জুলাই রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মইনুল হাসান, উপসচিব নুরুদ্দিন আল ফারুক এবং উপসচিব ভুইয়া মুহাম্মদ রেজাউল রহমান সিদ্দীক।

পরিদর্শনকালে প্রতিনিধি দল সরকারি অর্থায়নে পরিচালিত এসআইসিআইপি (ঝওঈওচ) প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের মাধ্যমে তারাগঞ্জ অঞ্চলের স্থানীয় জনগণকে আধুনিক জুতা উৎপাদন বিষয়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান হাসান প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং প্রকল্পের অগ্রগতি, প্রশিক্ষণ কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের সিইও এম. এম. খালিদ আহসান, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মোঃ আব্দুল্লাহ আল ফারুক, এসআইসিআইপি প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর মোঃ আরিফুর রহমান, ট্রেনিং কো-অর্ডিনেটর মোহাম্মদ ফারাবীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের অবদানের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh