বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৮ মে ২০২৬
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি; মেয়ের নাম রাখা হয়েছে ভিভিয়ানা। ৭ মে (বৃহস্পতিবার) নিজেই এ সুখবর জানিয়েছেন। নিকোলাস রিসিও-লেভিটের সংসারে ভিভিয়ানা দ্বিতীয় সন্তান।
এক ইনস্টাগ্রাম পোস্টে লেভিট বলেন, ‘গত ১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে এসেছে। আমাদের মন এখন ভালোবাসায় মুখর। সে (ভিভি) একদম ঠিকঠাক ও সুস্থ আছে। তার বড় ভাইও নতুন ছোট বোনের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছে।’
সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহেরও কম সময় আগে লেভিট ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ অংশ নিয়েছিলেন। লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মন্ত্রিসভার সদস্যদের সংবাদ ব্রিফিংয়ে সহায়তা করতে বলা হয়েছে।
লেভিটের অনুপস্থিতিতে গত মঙ্গলবার প্রথমবারের মতো ব্রিফিং রুমে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রুবিওর প্রশংসা করে বলেন, তিনি এই কাজে অত্যন্ত সাবলীল। বিশেষ করে ইরান বিষয়ে তাঁর বক্তব্যের প্রশংসা করেন ওই কর্মকর্তা।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ টিভি টকশোতে দক্ষ অন্য কর্মকর্তাদেরও দেখা যেতে পারে। এমনকি খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্রিফিংয়ে হাজির হতে পারেন।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh