বাংলাদেশ রিপোর্ট : | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নিউইয়র্কের গভর্নর পদে ডেমোক্র্যাটিক প্রাইমারি থেকে সরে দাঁড়ালেন নিউইয়র্কের স্টেটের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর অ্যান্থনিও ডেলগাডো। গভর্নর ক্যাথি হোকুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রগতিশীলদের সমর্থন আদায়ের চেষ্টা করলেও জরিপে ক্রমেই পিছিয়ে পড়ায় শেষ পর্যন্ত নিজের ‘লং-শট’ চ্যালেঞ্জ প্রত্যাহার করে নেন।
গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ডেলগো তার সিদ্ধান্তের কথা জানান। এর চার দিন আগেই দলীয় প্রতিনিধিদের অনুমোদন কনভেনশনে হোকুলের কাছে তিনি বড় ব্যবধানে পরাজিত হয়ছিলেন। হোকুল কনভেনশনে ৮৫ শতাংশ ভোট পেয়ে ডেলগাডোকে (১৫ শতাংশ) হারান। বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর ছিল, কারণ এর আগে ডেলগাডো ঘোষণা দিয়েছিলেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন এবং ২৩ জুনের প্রাইমারির ব্যালটে জায়গা পেতে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করবেন।
মঙ্গলবার এক বিবৃতিতে ডেলগো বলেন, “অনেক চিন্তা-ভাবনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সামনে এগোনোর মতো বাস্তবসম্মত কোনো পথ আর নেই। যদিও আমার প্রচারণা এখানেই শেষ হচ্ছে, তবে নিউইয়র্ককে আরও মানবিক, সাশ্রয়ী ও ন্যায্য রাজ্যে গড়ে তোলার লড়াইয়ে আমি সক্রিয় থাকব।” ডেলগোর সরে দাঁড়ানোর ফলে গভর্নর হোকুল প্রাইমারি লড়াইয়ের ঝামেলা থেকে মুক্ত হলেন। এতে করে ২০২৬ সালের নিউইয়র্ক গভর্নর নির্বাচন এখন সরাসরি দ্বিমুখী প্রতিযোগিতায় রূপ নিল। ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বর্তমান গভর্নর হোকুলের বিপরীতে রিপাবলিকান দলের একমাত্র প্রার্থী নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যান।
গত জুনে ডেলগাডো যখন গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন, তখন পরিস্থিতি তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক মনে হচ্ছিল। এমনকি কয়েকজন রিপাবলিকান কংগ্রেস সদস্যও দুর্বল জনপ্রিয়তাসম্পন্ন গভর্নরের বিরুদ্ধে নামার কথা ভাবছিলেন। ২০২২ সালে হোকুলই ডেলগাডোকে তার রানিং মেট হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে ২০২৫ সালের শুরুতেই গভর্নরের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন ডেলগাডো এবং গভর্নর পদে চ্যালেঞ্জের প্রস্তুতি নেন। তবে জরিপে তিনি কখনোই হোকুলের কাছাকাছি যেতে পারেননি। সিনা কলেজের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত সর্বশেষ জরিপে দেখা যায়, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে হকুল ৬৪ শতাংশ সমর্থন পেলেও ডেলগোর প্রাপ্তি মাত্র ১১ শতাংশÑ৫৩ পয়েন্টের বিশাল ব্যবধান। একই জরিপে হোকুলের জনপ্রিয়তাও বেড়েছে। অর্থনৈতিক দিক থেকেও তার অবস্থান অনেক শক্তিশালী ছিল। জানুয়ারিতে হোকুলের নির্বাচনী তহবিলে ছিল প্রায় ২ কোটি ডলার, যেখানে ডেলগোর তহবিল ছিল মাত্র ১১ লাখ ডলার।
Posted ১০:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh