বাংলাদেশ রিপোর্ট | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সিটি নিউইয়র্কে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডসহ এর অন্যান্য ঝুঁকি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নগরবাসীকে নিরাপদ রাখার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তিনি তার সাপ্তাহিক মতামত নিবন্ধে বলেন যে যদিও লিথিয়াম ব্যাটারি চালিত ই-যান ও অন্য ডিভাইসের জনপ্রিয়তার অনেক ইতিবাচক প্রভাব থাকলে এই ডিভাইসগুলোর মধ্যে অনেকগুলোতে নিরাপদ নয় এমন লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। অনেক ব্যাটারি বাঞ্ছিত নিরাপত্তা মান পূরণ করে না। অনেকের বাড়িতে এ ধরনের ত্রুটিপূর্ণ ব্যাটারি আছে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক ব্যবসা প্রতিষ্ঠান একই সঙ্গে শত শত ব্যাটারি চার্জ করছে, যার ফলে বিস্ফোরণ, অগ্নিকান্ড এবং মৃত্যুর ঘটনা ঘটছে। ২০১৯ সাল থেকে লিথিয়াম ব্যাটারি থেকে ৭০০ এর বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জন নিউইয়র্কবাসী নিহত হয়েছে এবং প্রায় ৪৫০ জন আহত হয়েছে। এছাড়া ব্যাটারিজনিত অগ্নিকাণ্ডে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মেয়র তার নিবন্ধে উল্লেখ করেন।
মেয়র অ্যাডামস আরো বলেন, ব্যাটারি অগ্নিকান্ডে সিটিবাসীর ক্ষতির পাশাপাশি ফায়ার ডিপার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফায়ার কর্মীদের জীবনের ঝুঁকি বাড়ছে। কারণ আগুন নেভাতে গিয়ে তাদের বিপজ্জনক পরিস্থিতি ও বিষাক্ত গ্যাসের সাথে লড়তে হয়। মানসম্মত নয় এমন লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলি সিটির জন্য স্পষ্ট বিপদ। আমরা এই সঙ্কট মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের নিরাপত্তা উদ্যোগে ব্যাটারি চালিত অনিরাপদ ই-বাহন এবং নবায়ন করা ব্যাটারির বিক্রয় নিষিদ্ধ করেছি। স্টেট গভর্নর ক্যাথি সি হকুল একটি গুরুত্বপূর্ণ আইনে স্বাক্ষর করেছেন, যা নিউইয়র্কবাসীদের অনিরাপদ লিথিয়াম ব্যাটারির বিপদ থেকে রক্ষা করবে।
Posted ১১:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh