বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি সি হকুল। ছবি : সংগৃহীত
নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি সি হকুল স্টেটের আইনপ্রণেতাদের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছেন। তার প্রস্তাবিত বাজেটে বাড়ি মালিকদের দ্বিতীয় বাড়ি কেনার ওপর বর্ধিত করারোপ অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া নিউইয়র্ক স্টেটে ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষের আইন প্রয়োগ প্রতিহত করার বিরুদ্ধে ঠেকানোরও প্রচেষ্টার বিষয়ও বাজেট প্রস্তাবে যোগ করা হয়েছে।
গত বৃহস্পতিবার গভর্নর ক্যাথি হকুুল এ বাজেট উত্থাপন করেছেন। তার এ বাজেট ঘোষণা করার কথা ছিল গত ১ এপ্রিল। কিন্তু বিভিন্ন কারণে বাজেট ঘোষণা ৫ সপ্তাহ বিলম্বিত হয়েছে। নিউইয়র্ক স্টেটের নেতৃবৃন্দ গভর্নরের উত্থাপিত বাজেট প্রস্তাবের কাঠামোগত দিকের ব্যাপারে তাদের সম্মতি দিয়েছেন। বাজেটে নিউইয়র্ক সিটির বহু-মিলিয়ন ডলার মূল্যের দ্বিতীয় বাড়ি ক্রয়ের উপর নতুন কর অন্তর্ভুক্ত করার বিষয়ে আইনপ্রনেতাদের কারও আপত্তি থাকবে না, তা প্রায় স্পষ্ট।
বাজেটে স্টেটের সর্বত্র শিশু পরিচর্যা সম্প্রসারণের জন্য তহবিল বৃদ্ধি। নতুন বাজেট প্রস্তাবনার ব্যয় পরিকল্পনায় এমন একটি ধারাও অন্তর্ভুক্ত রয়েছে, যা ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন আইন প্রয়োগে কঠোরতার বিরুদ্ধে নিউইয়র্ক স্টেট সরকারের কী পদক্ষেপ হতে পারে, তা উল্লেখ করা হয়েছে। নিউইয়র্ক স্টেট সরকার বাজেট প্রস্তাবে এমন একটি ধারা অন্তর্ভূক্ত করা হয়েছে, যা কার্যকর হলে ফেডারেল ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এর এজেন্টদের মুখোশ ধারণ করা থেকে কার্যকরভাবে বিরত রাখবে।
বাজেট প্রস্তাবে অন্যান্য বড় বড় যেসব নীতিগত উদ্যোগের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে নিউইয়র্ক স্টেটের জলবায়ু সময়সীমা স্থগিত করা এবং গাড়ির ইন্স্যুরেন্স পরিশোধের উপর সীমা আরোপ। বাজেট ঘোষণার পর গভর্নর হকুল নিউইয়র্ক টাইমসকে বলেন, বাজেট প্রস্তাব নিয়ে আইনপ্রনেতাদের সঙ্গে আলোচনা খুব সহজ ছিল না। আমাদের মধ্যে বড় ধরনের মতপার্থক্য ছিল বলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছিল। তাছাড়া এ ধরনের বাজেট প্রণয়নে যারা তাদের ব্যক্তিগত স্বার্থ ক্ষুন্ন হওয়ার আশঙ্কা করে, সেইসব ক্ষমতাধর বিশেষ স্বার্থবাদীরা নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টাও করছিল। কিন্তু আমরা সাহসিকতার সঙ্গে সব বাধা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।
তবে স্টেটের আইনপ্রণেতারা সতর্ক করেন যে, প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করতে এখনও জটিলতা রয়েছে, যা আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করতে হবে। গভর্নর হকুলের বাজেট প্রস্তাব ঘোষণার পর স্টেট অ্যাসেম্বলির স্পিকার কার্ল ই. হিস্টি বলেন যে, গভর্নরের প্রস্তাবিত বাজেটের সঙ্গে সকল পক্ষের ঐকমত্যে পৌছার আশাবাদ তেমন পরিপক্ক নয়। তিনি বড়জোর বলতে পারেন যে, বড় নীতিগত প্রশ্নে তারা ঐকমত্যের কাছাকাছি উপনীত হয়েছেন।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh