বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
নিউইয়র্ক সিটিতে প্রায় প্রত্যেক গাড়িচালকের জন্য তাদের গাড়ি পার্ক করা স্থায়ী এক মাথাব্যথা। সিটির প্রায় সব এলাকায় একই সঙ্কট। চালকেরা কোথাও গিয়ে গাড়ি পার্কি করার জায়গা খুঁজে পান না। এমনকি রাস্তার দুপাশে পার্ক করা গাড়ির কারণে তারা দেখতে পান না যে তাদের সামনে কি আছে। কোনো প্রয়োজনে যারা ডাবল-পার্ক করেন, তারা যানজট সৃষ্টি করেন। তাদের গাড়ির পেছনে যানজট সৃষ্টি হয় এবং একটিমাত্র খোলা লেন দিয়ে পেছনের গাড়ি এগিয়ে যেতে চেষ্টা করে নতুন সমস্যা সৃষ্টি করেন।
গাড়িতে আঁচড় লাগার সম্ভাবনা থাকে, এবং এ ধরনের ঘটনায় প্রায়ই চালকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, মারমুখী অবস্থা এবং শেষপর্যন্ত পুলিশ ডাকতে হয়। এমন পরিস্থিতিতে গাড়ির সাইড-ভিউ মিরর কোনো কাজে লাগে না। বড় ধরনের আঁচড় বা ডেন্ট পড়লে গাড়ি গ্যারেজে পাঠানোর প্রয়োজনও হতে পারে। একটি সমীক্ষায় দেখা গেছে সিটিতে পার্কিং খুঁজতে একজন চালককে বছরে গড়ে ১০৭ ঘন্টা ব্যয় করতে হয়।
নিউইয়র্ক সিটি, বিশেষ করে বাণিজ্যিক ও আবাসিক এলাকা সমৃদ্ধ ম্যানহাটনের মতো জনবহুল ও ব্যস্ত এলাকায়, সীমিত পার্কিং এর জন্য জায়গা পাওয়া কঠিন প্রতিযোগিতার ব্যাপার। ৩০ লাখের বেশি ফ্রি পার্কিং এর স্থান থাকা সত্ত্বেও, অনেক বাসিন্দা ও দর্শনার্থী পার্কিং এর খালি স্থান খুঁজে পেতে হিমশিম খান, দীর্ঘ সময়ের খোঁজাখুঁজিও হতাশার কারণ হয়। একটি গবেষণায় দেখা গেছে যে কিছু এলাকায় চালকদের পার্কিং খুঁজে পেতে প্রায় এক-তৃতীয়াংশ মাইল পর্যন্ত গাড়ি চালিয়ে ঘুরতে হতে পারে।
সিটিতে গাড়ি চালনার বিধিবিধান তো আছেই। কিন্তু অনেক চালকের কাছে এসব বিধান এত বিভ্রান্তিকর যে তারা মনে করেন জরিমানা করলে তা পরিশোধ করাই সহজ। নিউইয়র্ক সিটির পাবলিক পলিসি নিয়ে কাজ করেন এমা, জি ফিটজসিমন্স। তিনি বলেছেন, বিশ্বাস করা কঠিন, কিন্তু এক সময় নিউইয়র্কে রাস্তার পাশে গাড়ি পার্ক করা অবৈধ ছিল। কিন্তু এখন সিটিতে গাড়ির সংখ্যা এত বেশি যে, কিছু ব্যীতক্রম ছাড়া রাস্তার পাশে গাড়ি পার্ক করার অনুমতি দেওয়া ছাড়া সিটির উপায় নেই। রাস্তার পাশে পার্কিং করার খরচ বেড়ে যাচ্ছে। যে এলাকার যত গুরুত্ব, সেই এলাকায় গাড়ি পার্ক করার খরচ তত বেশি। যানজট কমানোর লক্ষ্যে সিটি কিছু কিছু এলাকায় ‘কনজেশন প্রাইসিং’ চালু করেছে ব্যস্ত এলাকাগুলোতে গাড়ি রাখার জন্য গ্যারেজ আছে।
কিন্তু অধিকাংশ গ্যারেজের দৈনিক ভাড়া গড়ে ৫০ ডলারের বেশি। এত ব্যয়ের সাধ্য খুব কম চালকের থাকে। ফলে তারা রাস্তার পাশে গাড়ি পার্ক করার প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। প্রায় প্রতিটি এলাকার বাসিন্দারা অভিযোগ করেন যে বহিরাগতরা তাদের তাদের পার্কিং এর স্থান দখল করে নেওয়ার কারণে রাস্তার পাশের সীমিত পার্কিংয়ের জন্য প্রতিযোগিতা আরও বেড়ে যাচ্ছে। ম্যানহাটনে কনজেশন প্রাইসিং চালু হওয়ার ফলে পার্কিং পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ ব্যবস্থার উদ্দেশ্য হলো শহরের নির্দিষ্ট এলাকায় প্রবেশকারী চালকদের কাছ থেকে ফি নিয়ে যানজট কমানো। কিন্তু এর ফলে আশপাশের এলাকায় পার্কিং সমস্যা বেড়েছে, কারণ শহরের বাইরের চালকেরা টোল এড়াতে সেখানে গাড়ি পার্ক করতে চাইছেন। ফলে রাস্তার ধারের পার্কিংয়ের জন্য প্রতিযোগিতা তীব্র হয়েছে। আপার ম্যানহাটনের বাসিন্দারা জানিয়েছেন যে পার্কিং নিয়ে তাদের প্রতিযোগিতা আগের চেয়ে বেড়েছে।
অনেকে, বিশেষ করে, যাদের বাড়ি রাস্তা সংলগ্ন, তারা গাড়ি নিয়ে বাইরে গেলেও পার্কিং এর জায়গা স্থায়ীভাবে দখলে রাস্তার জন্য জায়গা চিহ্নিত করে রাখেন এবং এ ধরনের ঘটনায় কলহ অনিবার্য, এমনকি হাতাহাতির ঘটনাও অনৈক ঘটে। সামগ্রিকভাবে, নিউইয়র্ক সিটিতে পার্কিং একটি জটিল সমস্যা, যা সিটির জনঘনত্ব, বাণিজ্যিক বিবেচনা এবং পরিবর্তনশীল পরিবহন নীতি দ্বারা প্রভাবিত। এই চ্যালেঞ্জগুলোর সমাধানে উদ্ভাবনী উদ্যোগ এবং শহর কীভাবে তার জনসাধারণের স্থান পরিচালনা করে সে বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন মনে করেন ভুক্তভোগীরা।
Posted ৩:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh