নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ গত ১৪ জুন রোববার নিউইয়র্কের রেন্ডালস আইল্যান্ডের আইকান স্টেডিয়ামের ১০ নম্বর মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মো. আলী, অ্যাটর্নি মঈন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মনজুর আহমদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য আব্দুর রহিম বাদশা এবং বোর্ড অব ট্রাস্টিজ সদস্য আজম চৌধুরী, মো. বড় ভূঁইয়া, আনোয়ার হোসেন, জুনেদ চৌধুরী, আব্দুল হাছিম হাসনু, মহিউদ্দিন দেওয়ান, জুলফিকার চৌধুরী, মখন মিয়া ও রিভারটেলের কো-ফাউন্ডার ইয়াসির।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য নাইম টুটুল, সদস্য হারুন চেয়ারম্যান, বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সহ-সভাপতি কাজী এলিন, সদস্য নওশাদ, সহ-সভাপতি মো. জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক এ. মুকিত রিমন ও আব্দুল কাদের লিপু, সাংগঠনিক সম্পাদক সাহেল মিয়া, দপ্তর সম্পাদক রাহুল বড়ুয়া এবং সদস্য জাহাঙ্গীর হোসেন জয়নুল, মো. ইকবাল আহমদ খোকন, সাইদুল ইসলাম রিয়াদ, মীর জাকির হোসেন, অনু ইমতিয়াজ কবির ও মো. শওকত প্রমুখ। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়াবিদ, স্পন্সর, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোর সংগঠন ‘চারুকণ্ঠ’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রতি নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পিতা ও সন্তানরাও উপস্থিত ছিলেন। এ সময় তাদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়।আয়োজকরা জানান, তিন দশকেরও বেশি সময় ধরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলার চর্চা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার আয়োজন করা হয়েছে ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
টুর্নামেন্টে মোট নয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ওজন পার্ক ফাইটার্স ক্লাবের মুখোমুখি হয় সন্দ্বীপ ইউনাইটেড। রোমাঞ্চকর এই ম্যাচে ২-০ গোলের জয়ে শুভসূচনা করে সন্দ্বীপ ইউনাইটেড। দিনের দ্বিতীয় ম্যাচে আয়সাব এফসি মুখোমুখি হয় নোয়াখালী টাইগার্সের। একতরফা আধিপত্য বিস্তার করে আয়সাব এফসি ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল শুধু একটি খেলা নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সামাজিক সংযোগ এবং সুস্থ বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রধান অতিথি এম এম শাহীন বলেন, বিশ্বকাপের বৈশ্বিক উন্মাদনার মধ্যেও নিউইয়র্কে বাংলাদেশিদের নিজস্ব ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রমাণ করে যে প্রবাসী সমাজ কেবল অর্থনৈতিকভাবে নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে।তিনি আরো বলেন, আমরা কয়েকজন মিলে ১৯৮৭ সালে ডাউনটাউনে প্রথম ফুটবল খেলা শুরু করেছিলাম। পরবর্তীতে কমিউনিটির ক্রীড়া সংগঠকরা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে প্রায় তিন দশক ধরে এই ফুটবল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
টুর্নামেন্টের সফল উদ্বোধনে অবদান রাখায় অংশগ্রহণকারী নয়টি দলের ম্যানেজার, কোচ, অ্যাডমিন, খেলোয়াড়, স্পন্সর, গণমাধ্যমকর্মী ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা।সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় বোর্ড অব ট্রাস্টিজ ও কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দকে। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও নিবেদিত কর্মপরিকল্পনার ফলেই ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়াঙ্গনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3059 বার পঠিত)
(2406 বার পঠিত)