বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গভর্নর ক্যাথি হোকুল। ছবি : সংগৃহীত
গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক স্টেটে বন্দুক সহিংসতা কমাতে কমিউনিটি-ভিত্তিক উদ্যোগে প্রায় ২১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছেন। এই অর্থ এসএনইউজি স্ট্রিট আউটরিচ কর্মসূচির আওতায় ১৪টি কমিউনিটিতে কাজ করা সংগঠন ও হাসপাতালের মধ্যে বিতরণ করা হবে। গভর্নর হোকুল বলেন, এই বিনিয়োগ নিরাপদ পাড়া গড়ে তুলতে, সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিতে এবং ঝুঁকিপূর্ণ তরুণদের জন্য বিকল্প সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।
তিনি জানান, ২০২৫ সালে নিউইয়র্কে বন্দুক সহিংসতা রেকর্ড-সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন (গিভ ) উদ্যোগে অংশ নেওয়া ২৮টি পুলিশ বিভাগ ২০২৫ সালে গুলিবিদ্ধ হয়ে আহতের ৪৯১টি ঘটনা রিপোর্ট করেছে-২০০৬ সালে তথ্য সংগ্রহ শুরুর পর যা সর্বনিম্ন। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গুলির ঘটনা ১৬ শতাংশ কমেছে। গুলিবিদ্ধের সংখ্যা ৭২৩ থেকে কমে ৫৬৬-এ এবং মৃত্যুর সংখ্যা ১১৬ থেকে কমে ৮৯-এ দাঁড়িয়েছে।
এসএনইউজি কর্মসূচি পরিচালনা করে নিউইয়র্ক স্টেট ডিভিশন অব ক্রিমিনাল জাসটিস সার্ভিস (ডিসিজেএস)। জনস্বাস্থ্যভিত্তিক এই কর্মসূচির লক্ষ্য সহিংসতার ঝুঁকিতে থাকা ব্যক্তি ও পরিবারকে সরাসরি সহায়তা দিয়ে প্রতিশোধমূলক হামলা ঠেকানো ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা। ডিসিজেএস কমিশনার রোসানা রোসাডো বলেন, কর্মসূচিটি সহিংসতা ঘটার আগেই প্রতিরোধে কাজ করে এবং ঘটনার পর পরিবারকে পুনরুদ্ধার প্রক্রিয়ায় যুক্ত করে।
২০২৬ সালের জন্য ২০ দশমিক ৯ মিলিয়ন ডলার ব্যয়ে ১৭৬ জন পূর্ণকালীন ও ৪৬ জন খণ্ডকালীন কর্মী নিয়োগ থাকবে। তারা আলবানি, ব্রঙ্কস, বাফেলো, রচেস্টারসহ বিভিন্ন এলাকায় কাজ করবেন। গত বছর এসব এসএনইউজি জোনে গুলিবিদ্ধ ও প্রাণহানির ঘটনায় উল্লেখযোগ্য দ্বি-অঙ্কের হ্রাস দেখা গেছে।
ঘোষণা অনুযায়ী, নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালি, ক্যাপিটাল রিজিয়ন, সেন্ট্রাল নিউইয়র্ক, মোহক ভ্যালি, ফিঙ্গার লেকস ও ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলের বিভিন্ন কমিউনিটি সংগঠন ও হাসপাতাল এ অনুদান পাবে। ডিসিজেএসের প্রশিক্ষণ ও তদারকি ব্যবস্থার আওতায় নতুন কর্মীদের ৪০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং সুপারভাইজারদের ৩২ ঘণ্টার ব্যবস্থাপনা প্রশিক্ষণ রয়েছে। কমিউনিটি আস্থা পুনর্গঠন ও আইনশৃঙ্খলা জোরদারের সমন্বিত কৌশলই বন্দুক সহিংসতা কমাতে কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh