বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বত্তব্য রাখছেন অ্যাটর্নি ম্ীঈন চৌধুরী। পাশে অন্যান্য নেতৃবৃন্দ।
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন ‘বাংলাদেশ ডে প্যারেড’ আগামী ১৭ মে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের প্যারেডকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্যারেডটি যৌথভাবে আয়োজন করছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস এবং ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল। এ উপলক্ষে ১ এপ্রিল বুধবার জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডে প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল এম আজিজ, চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর ফেডি রকি, কো-অর্ডিনেটর আব্দুস সোবহান ও বাপা’র সভাপতি ক্যাপ্টেন প্রিন্স আলম প্যারেডের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডে প্যারেড কমিটির উপদেষ্টা নাসির আলী খান পল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩০ এর আগামী প্রাইমারি নির্বাচনে প্রার্থী শামসুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট তরিকুল ইসলাম মিঠু, নতুন প্রজন্মের প্রতিনিধি ফয়সাল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডে প্যারেড কমিটির চিফ কো-অর্ডিনেটর আহসান হাবীব, বিশিষ্ট শিল্পপতি ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান মঞ্চে উপবিষ্ট ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী ১৭ মে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউয়ের ৬৯ স্ট্রিট থেকে ৮৯ স্ট্রিট পর্যন্ত এলাকায় প্যারেডটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সিটি কর্তৃপক্ষের অনুমতিও ইতোমধ্যে নেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ জানান, এবারের আয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় হবে।
সফলভাবে প্যারেড আয়োজনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে গিয়াস আহমেদকে আহ্বায়ক, ফাহাদ সোলায়মানকে সদস্য সচিব এবং অ্যাটর্নি মঈন চৌধুরীকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন লায়ন ফেডি রকি এবং চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন লায়ন আহসান হাবীব।
এবারের প্যারেডে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের তারকারা অংশ নেবেন। ইতোমধ্যে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা চঞ্চল চৌধুরী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকরা আরও জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল জজ নুশরাত জাহান এবং নিউইয়র্ক স্টেট জজ সোমা সাঈদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এবারের প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐক্যের প্রতীক হিসেবে প্রতি বছর এই প্যারেডটি নিউইয়র্কে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়।
সংবাদ সম্মেলনে দল-মত-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সকল প্রবাসী বাংলাদেশিকে ১৭ মে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ডে প্যারেড-২০২৬’ সফল করার জন্য আহ্বান জানানো হয়।
Posted ১২:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh